সড়কে ডাকাত-আতঙ্ক, পুলিশ বলছে নেই
পাবনা-বগুড়া মহাসড়কের কাশীনাথপুর থেকে বাঘাবাড়ী পর্যন্ত অংশে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতিকালে যানবাহন নিয়ন্ত্রণ হারানোয় গত ৫ বছরে সড়কের এই অংশে দুর্ঘটনায় ছয়জন নিহত ও অসংখ্য আহত হয়েছেন। এ ছাড়া ডাকাতের হাতেও আহত হয়েছেন অনেক যাত্রী। প্রায়ই ডাকাতি হওয়ায় যানবাহনের চালকসহ যাত্রীরা মহাসড়কের এই অংশে চলাচল করেন আতঙ্ক নিয়ে। ১৪ জানুয়ারি গভীর রাতে মহাসড়কের বৃন্নাদাইড় নামক স্থানে ডাকাতিকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার পর থেকে আতঙ্ক চরমে পৌঁছেছে। কিন্তু পুলিশের দাবি, মহাসড়ক এখন ডাকাতমুক্ত। জানা যায়, কাশীনাথপুর থেকে বাঘাবাড়ী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশ পাবনার বেড়া, সাঁথিয়া ও সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার অন্তর্ভুক্ত। এই অংশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধ ডাকাতেরা রাতে গাছের গুঁড়ি বা খড়ের বোঝা রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যাত্রীবাহী বাসসহ যানবাহন থামামাত্রই ওঁৎ পেতে থাকা ডাকাতদল হামলা চালিয়ে লুটে নিচ্ছে যাত্রীদের সর্বস্ব। কখনও কখনও ডাকাতেরা যাত্রীবেশেও বাসে ডাকাতি করছে। যানবাহনের শ্রমিক ও যাত্রীরা জানান, ১৪ জানুয়ারি রাত দুইটার দিকে শাহাজাদপুর উপজেলার বৃন্নাদাইড়ে ডাকাতেরা মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতি শুরু করে। তাদের কবল থেকে বাঁচতে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার তিন আরোহী নিহত হন। গত ৬ ডিসেম্বর রাতে ঢাকা থেকে পাবনাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কের বেড়া উপজেলার অংশে আসার পর যাত্রীবেশী ডাকাতেরা ডাকাতি শুরু করে। ডাকাতেরা চালক, সুপারভাইজারসহ ছয় যাত্রীকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি রাতে মহাড়কের ছোন্দহ নামক স্থানে যাত্রীবাহী একটি নৈশকোচ ডাকাতের কবলে পড়ে। এ সময় কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়। সাঁথিয়ার নাগডেমড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকাতউল্লাহ জানান, মহাসড়কে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে ১৪ জানুয়ারি রাতে গ্রামবাসীসহ তিনি ঘটনাস্থলে যান। তাঁদের যাওয়ার আগেই ডাকাতেরা পালিয়ে যায়। তবে শাহাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘সেখানে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে। সেখানে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা রয়েছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছায়।’ পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইসউদ্দিন বলেন, ‘কাশীনাথপুর থেকে বাঘাবাড়ী পর্যন্ত অংশ যানবাহনের শ্রমিক ও যাত্রীদের কাছে মূর্তিমান আতঙ্ক। ডাকাতিরোধে পুলিশি টহল আরও বাড়ানোর পাশপাশি এই অংশে একাধিক স্থায়ী চেকপোস্ট বা পুলিশ ফাঁড়ি বসানো দরকার।’ বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) খান মোহামঞ্চদ আবু নাসের বলেন, ‘মহাসড়কে ডাকাতিরোধে পাটগাড়িতে স্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া আমার সার্কেলের আওতাভুক্ত অংশে পুলিশের তিনটি টহল দল রেখেছি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে মহাসড়ক এখন ডাকাতমুক্ত।’