সড়কে ডাকাতি রোধে পুলিশ গলদঘর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিশমাইল-জিরাবো ও সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কসহ ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি থেকে নবীনগর পর্যন্ত এলাকা সন্ধ্যার পরে ডাকাতদের দখলে চলে যায়। প্রতি রাতেই এসব এলাকায় যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতি রোধে অভিযান চালাতে গিয়ে ডাকাতদের গুলি ও ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা। সাভার ও আশুলিয়া থানা এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, ডাকাতদের কয়েকটি দল প্রতিদিন সন্ধ্যার পরে বিশমাইল-জিরাবো সড়কের বিশমাইল এবং সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের সিঅ্যান্ডবি এলাকায় অবস্থান নেয়। তাদের কাছে পিস্তল, রিভলবারসহ ওয়াকিটকি ও হাতকড়া থাকে। যাতে ডিবি ও র‌্যাব পরিচয়েও যানবাহন ও পথচারীদের থামানো যায়। ঢাকা জেলা ডিবি সূত্র জানায়, ডাকাতি রোধে ১৫ দিনেরও বেশি সময় ধরে তাদের একাধিক দল ওই এলাকায় কাজ করছে। এর মধ্যেই ডাকাতেরা নানাভাবে ডাকাতির চেষ্টা চালাচ্ছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে একদল ডাকাত বিশমাইল-জিরাবো সড়কের বিশমাইল এলাকায় মর্নিংগ্লোরি স্কুলের সামনে অবস্থান নিয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা চালায়। ডিবি পুলিশ তাদের ধাওয়া করলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে শাহীন নামের এক ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদের ছোড়া লাঠির আঘাতে উপপরিদর্শক (এসআই) মাসুম খান ও কনস্টেবল হোসেন আলী আহত হন।শাহীনের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সাতবাড়িয়া গ্রামে। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শাহীন প্রথম আলোকে বলেন, তাঁদের দলে ৩০ থেকে ৩৫ জন ডাকাত রয়েছে। যারা মানিকগঞ্জ, দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা।আশুলিয়া থানার পুলিশ জানায়, গত ২৬ মার্চ ভোর চারটার দিকে বিশমাইল-জিরাবো সড়কের কুটুরিয়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতেরা যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুজ্জামান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করেন। ডাকাতেরা মোটরসাইকেলে করে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। নুরুজ্জামান বুকের ডান দিকে গুলিবিদ্ধ হন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতেরা মোটরসাইকেল ফেলে পশুসম্পদ গবেষণাগারের খামারের প্রাচীর টপকে পালিয়ে যায়।ডিবি সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডাকাতেরা লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (পিএটিসি) ও সাভার সড়ক পুলিশ ফাঁড়িসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে ডিবির একটি দল সেখানে গেলে ডাকাতেরা পালিয়ে যায়। একই রাত আড়াইটার দিকে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের সিঅ্যান্ডবি এলাকায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতেরা কয়েকটি যানবাহনে ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতেরা চলে যায়।সপ্তাহ খানেক আগে মর্নিংগ্লোরি স্কুলের সামনে ডাকাতেরা গাছের গুঁড়ি ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতি করে বলে পাশের কুটুরিয়া এলাকার বাসিন্দারা নিশ্চিত করেন। কাঠগড়ার দেওয়ান মাহবুব ও কুটুরিয়ার দেওয়ার মজিবর রহমানসহ ওই এলাকার অনেকে জানান, ডাকাতের ভয়ে সন্ধ্যার পরে স্থানীয় লোকজন সড়ক দুটিতে চলাচল বন্ধ করে দেন। না জেনে দূরের লোকজন যানবাহন নিয়ে রাতে ওই সড়কে ঢুকলেই তাদের ডাকাতের কবলে পড়তে হয়। পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রায় প্রতি রাতেই ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ ডাকাতি বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি।ঢাকা জেলা ডিবির পরিদর্শক ওহিদুজ্জামান মোল্লা বলেন, ডাকাতের গুলিতে পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর পরও ডাকাতি বন্ধ করা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া শাহীনের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া তথ্য যাচাই করে অপর ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।