সড়কে থাকবে না ময়লার কনটেইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় ময়লা রাখার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করছে। ​এসটিএসগুলো হবে অনেকটা এই আদলের l ছবি: ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় ময়লা রাখার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করছে। ​এসটিএসগুলো হবে অনেকটা এই আদলের l ছবি: ডিএনসিসি

সড়কের ওপরে ফেলে রাখা ময়লা-আবর্জনা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। এ ভোগান্তি থেকে মুক্তি দিতে ডিএনসিসি প্রতিটি ওয়ার্ডে দুটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (ময়লা রাখার মধ্যবর্তী স্থান) বানাচ্ছে। ইতিমধ্যে ১৬টি স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে।
সিটি করপোরেশন বলছে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো (এসটিএস) হলে সড়কে কোনো ময়লা-আবর্জনার কনটেইনার থাকবে না। বাসাবাড়ি থেকে আনা ময়লা এসব স্টেশনে জড়ো করা হবে। আধুনিক সুবিধা-সংবলিত এসব স্টেশন থেকে দুর্গন্ধ ছড়াবে কম। এরপর এখান থেকে আবর্জনা নিয়ে ফেলা হবে নির্ধারিত ভাগাড়ে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, রাস্তায় ময়লার কনটেইনার রাখায় যানজট লাগে। দুর্গন্ধে পথচারীদের সমস্যা হয়। এ অবস্থা নিরসনে অনেক দিন আগে থেকেই এসটিএস করার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু এত দিন জায়গা পাওয়া যাচ্ছিল না। এগুলো হলে ডিএনসিসি এলাকার ময়লা সমস্যা ৭০ শতাংশ সমাধান হয়ে যাবে। ডিএনসিসি সূত্রে জানা যায়, ৩৬টি ওয়ার্ডের প্রতিটিতে দুটি করে এসটিএস নির্মাণ করা হবে। তবে ডিএনসিসি এলাকায় আগের নির্মিত ১৪টি স্টেশন আছে। ফলে নতুন করে ৬০টি স্টেশন বানাবে। জায়গা পাওয়ায় ইতিমধ্যে ১৬টি স্টেশন বানানোর কাজ শুরু হয়েছে। প্রয়োজন অনুসারে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার বর্গফুট আয়তনের একেকটি এসটিএস বানানো হচ্ছে। এর সঙ্গে আগের স্টেশনগুলোর সংস্কারকাজও করা হবে। এসটিএস বানানোর জন্য ডিএনসিসি ১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
কংক্রিটের মেঝের এসটিএসগুলো ১০ ফুট দেয়াল দিয়ে ঘেরা থাকবে। ময়লার কনটেইনারবাহী গাড়ি প্রবেশের সুবিধার্থে দেয়াল থেকে ১০ ফুট ওপরে হবে ছাউনি। থাকবে ময়লা পরিষ্কারের পর পানি দিয়ে ধুয়ে ফেলার ব্যবস্থা। তরল বর্জ্য নিষ্কাশনের জন্য আলাদা নালা থাকবে। স্টেশনের প্রতি বর্গফুটের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
এসব স্টেশন নিয়ে জনমনে আছে নানা প্রশ্ন। কল্যাণপুর এলাকার বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, ময়লার কনটেইনার রাখায় সড়ক সংকুচিত হয়, দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হয়। সত্যি যদি সড়ক থেকে ময়লা সরে, তাহলে তো ভালো। অনেক সময় দেখা যায়, টাকা খরচ করে বানায় কিন্তু ফেলে রাখে, এমন যাতে না হয়। এ বিষয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বলেন, হাসপাতালটির সামনে অনেক দিন ধরে খোলাভাবে ময়লা ফেলা হচ্ছিল। এখন আধুনিক স্টেশন করা হচ্ছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়। আর স্টেশন করার মতো জায়গাও নেই। নির্মাণাধীন স্টেশনগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চালু করা হবে বলে তিনি জানান।