সড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ৯ মাসে ২৬৭ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে দুর্ঘটনায় মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এ সড়কের বঙ্গবন্ধু সেতুর পর থেকে উত্তরে গত পৌনে পাঁচ বছরে ১ হাজার ১০৮ জনের প্রাণ ঝরেছে। আহত হয়েছেন ১ হাজার ৭২৬ জন। এর মধ্যে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসেই ২৬৭ জন নিহত ও ৫০০ জন আহত হয়েছেন। বগুড়া হাইওয়ে পুলিশের নথি থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ৪০ শতাংশ পুলিশের নথিভুক্ত হয়। প্রাণহানির বাকি ঘটনা পুলিশ পর্যন্ত গড়ায় না। সড়কে ৫১ শতাংশ দুর্ঘটনা ঘটে যানবাহনের মুখোমুখি সংঘর্ষে।

হাইওয়ে পুলিশের বগুড়ার পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ যানবাহনের অতিরিক্ত ও বেপরোয়া গতি। মহাসড়ক ফাঁকা পেলেই নিয়ন্ত্রণহীন গতির লড়াইয়ে নামছেন চালকেরা। ঝুঁকি নিয়ে ওভারটেক (অতিক্রম) করছেন। গতি কমাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া ত্রুটিপূর্ণ ও চলাচলের অযোগ্য গাড়ি, ছাদে যাত্রী বহন, ভুয়া লাইসেন্সধারী ও অপেশাদার চালক এবং ট্রাফিক আইন না মানার কারণেও দুর্ঘটনা ঘটছে। আবার অতিরিক্ত আয়ের আশায় চালকদের একটানা গাড়ি চালানো, ঘন ঘন লেন পরিবর্তন এবং ট্রাকে ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য বহনের কারণেও দুর্ঘটনা ঘটছে।

তবে বাস মালিক ও চালকেরা বলছেন ভিন্ন কথা। বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনা বন্ধে সিএনজিচালিত অটোরিকশা, ভটভটি, নছিমনসহ মহাসড়কে সব ধরনের অবৈধ যান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও উত্তরবঙ্গ মহাসড়কে এসব যান চলাচল বন্ধ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে দুর্ঘটনা বন্ধ হচ্ছে না।

ঢাকা-উত্তরবঙ্গ পথের একটি পরিবহনের চালক জাহিদুল ইসলামও একই ধরনের কথা বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মোরছালিন বলেন, মোটরযান আইন অনুযায়ী মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। লোকালয়, বাজার, জনাকীর্ণ স্থান ও ঘন কুয়াশায় সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার। উত্তরের মহাসড়কে৫০ থেকে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর সুযোগ নেই। অথচ মহাসড়কে বেশির ভাগ চালক অতিরিক্ত উপার্জনের লোভে ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে গাড়ি চালান। এটা ধরার যন্ত্র শুধু হাইওয়ে পুলিশেরই রয়েছে। জনবলসংকটের কারণে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, ঢাকা-উত্তরবঙ্গ সড়কের বঙ্গবন্ধু সেতুর পর থেকে নলকা-হাটিকুমরুল, হাটিকুমরুল-বনপাড়া-নাটোর, নাটোর-রাজশাহী, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ, হাটিকুমরুল-বগুড়া, বগুড়া-নাটোর, বগুড়া-রংপুর, রংপুর-দিনাজপুর, দিনাজপুর-পঞ্চগড়, দেবীগঞ্জ-বোদা, পাগলাপীর-জলঢাকা-তিস্তা ব্যারাজ, রংপুর-বাংলাবান্ধা ১ হাজার ৩৫ কিলোমিটার মহাসড়ক এবং তৎসংলগ্ন ৯২৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কেরদেখভালকরা হয় হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চল থেকে। এসব মহাসড়কে চলতি বছরের গত সেপ্টেম্বর পর্যন্ত ২৭০টিসহ পৌনে পাঁচ বছরে ৮৮৬টি দুর্ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশের তথ্যানুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রংপুর-সৈয়দপুর ও বগুড়া-রংপুর মহাসড়কে। এর মধ্যে ২০ এপ্রিল রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার তেরমাইল এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও ৪৯ জন আহত হন। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে ৩ জুন ঢাকা-বগুড়া মহাসড়কে। এদিন শেরপুর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। সব মিলিয়ে চলতি বছরের গত সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২৬৭ জন নিহত ও ৫০০ জন আহত হয়েছেন।

২০১৫ সালে ১৭১টি সড়ক দুর্ঘটনায় ১৯৬ জন নিহত এবং ৪৯১ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশি প্রাণহানি ঘটেছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে। গত বছরের ১৯ জুলাই ঈদের দিনে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ-মুলাবাড়ি এলাকায় দুটি বাসের সংঘর্ষে ১৬ জন যাত্রী নিহত হন। এক দিন আগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে বানিয়াগাতী এলাকায় যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে ছয়জন প্রাণ হারান।

২০১৪ সালে উত্তরবঙ্গ মহাসড়কে ১৬০টি দুর্ঘটনায় ৩০৬ জনের প্রাণ ঝরেছে। আহত হয়েছেন ২০৮ জন। এ বছর সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ২০ অক্টোবর হাটিকুমরুল-বনপাড়া-নাটোর মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রেজির মোড়ে। এখানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩২ জন প্রাণ হারান। ২০১৩ সালে ১২৫টি সড়ক দুর্ঘটনায় ১৬৫ জন নিহত ও ২২৫ জন আহত হন। ২০১২ সালে ১৬০টি সড়ক দুর্ঘটনায় ১৭৪ জন নিহত এবং ৩০২ জন আহত হয়েছেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস কাঞ্চন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকদের দোষারোপ করে লাভ নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আগে যাত্রীসহ সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আইন না মানার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পেছন থেকে কোনো যান অতিক্রম করতে চাইলে তাকে সুযোগ দিতে হবে। মহাসড়কে বিভাজক বসানো ও সতর্কভাবে পথচারী পারাপার নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশি জরুরি হলো রাজনৈতিক সদিচ্ছা। প্রতিবছর সড়কে এত প্রাণ ঝরছে, অথচ এটা বন্ধে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে কথা বলতে শোনা যায় না।