সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন, দুধ কেনা কমিয়ে দেওয়া, কেন্দ্রীয় দুগ্ধ সমিতি গঠনের প্রতিবাদসহ ১০ দফা দাবিতে সড়কে দুধ ঢেলে মিল্ক ভিটার আওতাধীন খামারিরা প্রতিবাদ সমাবেশ করেছেন। পাবনা ও সিরাজগঞ্জ জেলার দুগ্ধ উৎপাদনকারী সমবায়ী খামারিরা এ প্রতিবাদ সমাবেশ করেন। গতকাল শুক্রবার বিকেলে পাবনা জেলার ডেমরা উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়। পরে পাবনা-সিরাজগঞ্জ সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানান খামারিরা।
পাবনার ভাঙ্গুড়া চৌবাড়িয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভাঙ্গুড়ার বেতুয়ান প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আল মাহমুদ, সাঁথিয়ার বেলায়েত হোসেন, ঈশ্বরদীর আমিরুল ইসলাম, পার-ফরিদপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি গোলাম মওলা, খলিশাদহের রুহুল আমিন সরকার, সাঁথিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নন্দনপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি তাহমিনা পারভিন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি সেলিম হোসেন, লাহিরী-মোহনপুরের আবুল কালাম আজাদ, শাহজাদপুরের বড়ধুনাইলের আনিসুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ করে মিল্ক ভিটা পরিচালনা কমিটি প্রতি লিটার দুধের দাম ৩৭ থেকে কমিয়ে ৩৫ টাকা করায় খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া মিল্ক ভিটা কর্তৃপক্ষ ১১ মাস ধরে গাভি ঋণ প্রদান বন্ধ রাখায় যেমন খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি কোটা পদ্ধতি চালু করায় এসব খামারি সংস্থাটিতে দুধও বিক্রি করতে পারছেন না। উৎপাদিত দুধের অর্ধেকও মিল্ক ভিটা কর্তৃপক্ষ না নেওয়ায় অবিক্রীত দুধ কম দামে ফেরি করে বিক্রিতে বাধ্য হচ্ছেন খামারিরা। অনেক সময় তা-ও পারছেন না। তখন উৎপাদিত দুধ ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকছে না। এই অবস্থার জন্য সমাবেশে বক্তারা মিল্ক ভিটার বর্তমান ব্যবস্থাপনা কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করে এ কমিটি বাতিলসহ অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি করেন। এ সমাবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও পাবনার সাঁথিয়া, বেড়া, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর ও ঈশ্বরদী উপজেলার ১৪৭টি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তাঁরা বড়াল নদের তীরের পাবনা-সিরাজগঞ্জ সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানান।
এ বিষয়ে মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাদির হোসেন বলেন, প্রতিবছর এ সময়ে দুধের উৎপাদন বাড়ায় দাম কমানো হয়। সেই ধারাবাহিকতায় এবারও দুধের দাম নির্ধারণ করা হয়েছে। নির্বাচন সম্পর্কে বলেন, একটি সমিতি উচ্চ আদালতে মামলা করায় জটিলতার তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সমবায় অধিদপ্তরের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আদালতের দেওয়া আদেশের আলোকেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।