২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি করা গুঁড়ো দুধের ওপর থেকে শুল্ক কমানোর প্রতিবাদ জানিয়েছেন দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী অঞ্চল পাবনা-সিরাজগঞ্জের দুগ্ধখামারিরা। তাঁরা শুল্ক কমানোর পদক্ষেপকে ‘দুগ্ধখামারি মারার বাজেট’ আখ্যা দিয়ে গতকাল বৃহস্পতিবার পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এবং প্রেসক্লাবের সামনের সড়কে ছয় মণ দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন। বেলা ১১টায় বৃহত্তর পাবনা জেলা ক্ষুদ্র ডেইরি ফার্ম মালিক সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলনে খামারিরা জানান, বাজেটে আমদানি করা গুঁড়ো দুধের ওপর থেকে শুল্ক কমানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। পক্ষান্তরে দেশে উৎপাদিত গুঁড়ো দুধের ট্যারিফ না কমিয়ে ১০০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এতে দুগ্ধখামারিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ, খামারিরা এমনিতেই তাঁদের উৎপাদিত দুধ ন্যায্য দামে বিক্রি করতে না পেরে চরম আর্থিক ক্ষতির মুখে রয়েছেন। তার ওপর আমদানি করা দুধের শুল্ক কমানোয় দেশি দুধের চাহিদা আরও কমে যাবে এবং স্থানীয় দুগ্ধশিল্প ধ্বংস হয়ে যাবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি এ বি এম নূরুন্নবী। এ সময় পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর ও উল্লাপাড়া উপজেলার প্রায় ৩০ জন দুগ্ধখামারি উপস্থিত ছিলেন। খামারিরা জানান, এই অঞ্চলের লক্ষাধিক খামারির আয়ের একমাত্র উৎস তাঁদের খামারে উৎপাদিত দুধ। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এ অঞ্চল থেকে মিল্ক ভিটা, আড়ং দুধ, প্রাণ, ফার্মফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলাবাজারে বিক্রি করে থাকে। ব্যাপক চাহিদার কারণে প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছর ধরে রীতিমতো প্রতিযোগিতামূলকভাবে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করত। কিন্তু কয়েক মাস ধরে প্রতিষ্ঠানগুলো চাহিদা কমে যাওয়ার কথা বলে দুধ সংগ্রহ ব্যাপক কমিয়ে দেয়। এমনকি একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো সংগ্রহমূল্যও লিটারপ্রতি ছয়-সাত টাকা কমিয়ে দেয়। আর সব মিলিয়েই মহাবিপাকে পড়েছেন এ অঞ্চলের খামারি ও দুধ ব্যবসায়ীরা।মহাসড়কে দুধ ঢালার প্রতিক্রিয়ায় নূরুন্নবী সাইমুম বলেন, ‘শুধু বৃহত্তর পাবনারই নয়, সারা দেশে লাখ লাখ মানুষের হাজার কোটি টাকা দুগ্ধশিল্পে বিনিয়োগ করা আছে। বিদেশি দুধের শুল্ক যেভাবে কমানো হয়েছে, তাতে দেশি দুধ প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশের দুগ্ধশিল্প ধ্বংস হয়ে যাবে। ফলে পথে বসে যাবে লাখ লাখ খামারি। তাই সড়কে দুধ ঢেলে ফেলার সময় আমরা শুধু দুধই ঢালিনি, তার সঙ্গে আমাদের চোখের পানিও ঢেলেছি।’