শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান এবং লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, সড়কে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড চলছে। মামলা করে আইনি প্রতিকার পাওয়া গেলে এ ক্ষেত্রে সড়কপথের যাত্রী ও গাড়িচালকদের মধ্যে এক ধরনের জবাবদিহি প্রতিষ্ঠিত হবে।সিলেটের আদালত এলাকায় সাংবাদিকদের উদ্দেশে গতকাল রোববার এ মন্তব্য করেন মুহম্মদ জাফর ইকবাল। তিনি সহকর্মী ও সিএসই বিভাগের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েবের আইনি লড়াইয়ে সমর্থন জানাতে জেলার এক নম্বর বার হলে যান। সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনায় ওই শিক্ষক ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিরুদ্ধে সিলেট জেলা যুগ্ম জজ (দ্বিতীয়) আদালতে গতকাল দুপুরে একটি মামলা করেন। সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল, চেয়ারম্যান আনোয়ারা বেগম, স্থানীয় ইনচার্জ মো. রুস্তম আলী, বিআরটিএর চেয়ারম্যান ও বিআরটিএ সিলেটের সহকারী পরিচালককে ওই মামলায় বিবাদী করা হয়েছে।সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই শুরু করার প্রয়োজনীয়তা উল্লেখ করে মুহমঞ্চদ জাফর ইকবাল বলেন, ‘আমি নিয়মিত সড়কপথে যাতায়াত করি। সড়কে প্রতিদিন যেসব মানুষ নিহত হচ্ছেন, তা দুর্ঘটনায় নয়, এগুলো রীতিমতো হত্যাকাণ্ড। এসব মামলায় সুবিচার পাওয়া গেলে সারা দেশে সড়কে হত্যার শিকার সবাই মামলা করতে এগিয়ে আসবে। তখন অপরাধীরা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে।’মামলার বাদী আবু আউয়াল মো. শোয়েব প্রথম আলোকে বলেন, বাসে সংঘর্ষজনিত শারীরিক, মানসিক, পেশাগত ও আর্থিক ক্ষয়ক্ষতির জন্য তিনি সোহাগ পরিবহন কর্তৃপক্ষ বরাবর ১০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দেন। কিন্তু নোটিশ গ্রহণ করেও সোহাগ পরিবহন কর্তৃপক্ষ নির্দিষ্ট মেয়াদের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়ায় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।