সড়কে দেয়াল নির্মাণের অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিটি করপোরেশনের একটি সড়কে দেয়াল নির্মাণ করে মানুষের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আকিজ সিমেন্ট মিলস লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাতেই আকিজ সিমেন্ট কারখানার নির্মাণ করা দেয়াল ভেঙে দেয়। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। খবর পেয়ে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর শাহী ইফফাৎ জাহানসহ নাসিকের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাস্তাটি থাকবে, মেয়রের এমন আশ্বাসে এলাকাবাসী শান্ত হয়।সরেজমিনে দেখা গেছে, আকিজ সিমেন্ট ফ্যাক্টরির পূর্ব পাশের দেয়ালঘেঁষে রাস্তাটির অবস্থান। এ রাস্তা দিয়ে এলাকাবাসী নবীগঞ্জ খেয়াঘাটে যাতায়াত করে। বন্দরের কদমরসূল পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার আগে ওই এলাকা যখন নারায়ণগঞ্জ পৌরসভার অধীনে ছিল, সেই সময় থেকেই এ রাস্তাটি দিয়ে এলাকাবাসী যাতায়াত করত বলে স্থানীয় ব্যবসায়ী নাসির উদ্দিন জানান। এরপর বন্দরের কদমরসূল পৌরসভা গঠিত হওয়ার পরও রাস্তাটি কদমরসূল পৌরসভার আওতায় ছিল।বর্তমানে রাস্তাটি সিটি করপোরেশনের আওতাধীন। স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ জানান, বুধবার রাতে স্থানীয় এলাকাবাসী তাঁকে জানায়, আকিজ সিমেন্ট কর্তৃপক্ষ রাস্তাটির ওপর দেয়াল তৈরি করে তা বন্ধ করে দিচ্ছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখেন, এলাকার সহস্রাধিক লোক দেয়ালটি ভেঙে দিয়ে সেখানে বিক্ষোভ করছেন। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার সকালেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে থাকে।খবর পেয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী বন্দরে ছুটে যান। তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাস্তার জায়গায় রাস্তা থাকবে। আকিজ কর্তৃপক্ষ যে কাজটি করার চেষ্টা করেছে, সেটি মোটেও ঠিক হয়নি। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব হয়ে উৎপাদন করতে হবে। পাশাপাশি জনগণের দাবিকেও পাশ কাটানো যাবে না।এ ব্যাপারে আকিজ সিমেন্টের সিনিয়র অফিসার জামাল উদ্দিন জানান, মিলের পূর্ব পাশের জমিটি তাঁদের নতুন কেনা। তবে রাস্তার ওপর দেয়াল তৈরির বিষয়টি ভালো বলতে পারবেন মানবসম্পদ বিভাগের প্রধান বদরুজ্জামান চৌধুরী। কিন্তু তাঁর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, রাস্তার ওপর দেয়াল নির্মাণ করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে সিটি করপোরেশনের মেয়র ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন। পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।