সড়কে ধস, ভাঙছে দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরে সুরমা নদীর তীরে অবস্থিত লঞ্চঘাট এলাকার পাকা সড়কের বেশ কিছু অংশ দেবে যাওয়ায় সেখানে থাকা দোকান, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, পুলিশ ক্লাবের ভবন এবং পন্টুনে ওঠার সিঁড়িটি ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে দুটি দোকান ভেঙে গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহে লঞ্চঘাটের পন্টুনে ওঠার সিঁড়ির সামনের সড়কটির বেশ কিছু অংশ প্রায় পাঁচ ফুট দেবে গেছে। এ ছাড়া পন্টুনের সিঁড়ির মুখ থেকে পশ্চিম দিকের পুলিশ ফাঁড়ির সামনে পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় পুরো সড়ক নদীগর্ভে চলে যেতে পারে। এতে সড়কের পাশে থাকা দোকানগুলোও নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, লঞ্চঘাট এলাকার সড়কটির নিচ থেকে বালু সরে গিয়ে এই ভাঙন দেখা দিয়েছে। সড়কের পাশে রয়েছে ২৮টি দোকান, রেস্তোরাঁ, আবাসিক হোটেল এবং পুলিশ ক্লাবের ভবন। সড়ক দেবে যাওয়া ফাটল দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রতিরক্ষা দেয়ালে। লঞ্চঘাটের পন্টুনে ওঠার সিঁড়ির দুটি খুঁটি ভেঙে গিয়ে সেটি একদিকে হেলে পড়েছে। সিঁড়ির মুখে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এই সিঁড়িটি চার বছর আগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সিঁড়ির কাছে সড়ক ভাঙার কারণে যেকোনো সময় সিঁড়িটিও ভেঙে পড়তে পারে। দুটি দোকানঘর ভেঙে গেছে। এর মধ্যে লঞ্চঘাট এলাকায় হুমায়ুন কবীরের একটি দোকান সম্পূর্ণ ভেঙে গেছে। অন্য দোকানিরা বস্তা ফেলে রেখেছেন ঘরের সামনে।
রেস্তোরাঁর মালিক রেনু মিয়া বলেন, ‘এখানে আমার পরিবার ৪০ বছর ধরে ব্যবসা করছে। এবার যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে মনে হয় এখানে আর থাকা যাবে না। ব্যবসা গোটাতে হবে।’
লঞ্চঘাট এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, সড়কে ফাটল দেখা দেওয়ার পর পরই তাঁরা বিষয়টি পৌরসভার মেয়র, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন। তাঁরা এসে সবকিছু দেখে গেছেন। কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সুনামগঞ্জ লঞ্চঘাটের সাবেক ইজারাদার শাহ আলম সেরুল বলেন, ভাঙনরোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা না নিলে এখান থেকে লঞ্চঘাট স্থানান্তর করতে হবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ জানান, পুলিশ ক্লাবের পেছনে দুটি পুকুর রয়েছে। ওই সব পুকুরের পানি কোনোভাবে সড়কের নিচ দিয়ে নদীতে যাচ্ছে, যে কারণে সড়কের নিচ থেকে বালু সরে গিয়ে সড়ক দেবে গেছে। এ ছাড়া পন্টুনের যে দুটি পিলার রয়েছে সেগুলোর গভীরে খাদের সৃষ্টি হতে পারে। এই দুই কারণে ভাঙন দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পৌরসভা এবং বিআইডব্লিইটিএকে জানিয়েছেন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল বলেন, ‘আমি প্রায় প্রতিদিনই ওই এলাকায় গিয়ে পরিস্থিতি দেখছি। কীভাবে লঞ্চঘাট এলাকাটি ভাঙনের কবল থেকে রক্ষা করা যায় এ নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।’