সড়কে ধাতব মুদ্রা ফেলে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েন মুদ্রা না নেওয়ার প্রতিবাদ বিক্ষোভে এক ব্যবসায়ী রাস্তায় শুয়ে পড়লে তাঁর শরীরের ওপর কয়েন ঢেলে প্রতিবাদ জানানো হয়। গতকাল বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
রংপুরে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েন মুদ্রা না নেওয়ার প্রতিবাদ বিক্ষোভে এক ব্যবসায়ী রাস্তায় শুয়ে পড়লে তাঁর শরীরের ওপর কয়েন ঢেলে প্রতিবাদ জানানো হয়। গতকাল বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা সত্ত্বেও রংপুরের বাণিজ্যিক ব্যাংকগুলো ধাতব মুদ্রা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এ অভিযোগে গতকাল সোমবার ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে রাস্তায় এক ব্যবসায়ী শুয়ে পড়লে তাঁর শরীরের ওপর কয়েন ঢেলে দিয়ে প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ ব্রেড বিস্কুট প্রস্তুতকারক বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

২০১৫ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলো গ্রাহকদের থেকে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা এবং কাগুজে নোট গ্রহণ করবে। এ নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘বিক্ষোভের খবর আমরাও শুনেছি। তবে ব্যাংকগুলো নির্দেশনা অনুযায়ী পয়সা গ্রহণ করছে। সমস্যা হচ্ছে বিপুল পরিমাণ পয়সা জমে গেছে, ব্যাংকগুলো তা নিতে পারছে না। আমরা বিষয়টা দেখছি।’

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হওয়া ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে ধাপ এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে জড়ো হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি ফয়জুল কবির এবং বক্তব্য দেন মাকসুদুল ইসলাম পাটোয়ারি, রিয়াজ শহিদ প্রমুখ।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক ইস্কান্দার মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিক্ষোভ না করে সমস্যা নিয়ে ব্যবসায়ী নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। সব বাণিজ্যিক ব্যাংকে কয়েন না নেওয়ার অভিযোগ আগে কখনো পাইনি।’ তবে একসঙ্গে অনেক কয়েন থাকায় এবং ব্যাংকে লোকবলের সংকটে গুনতে সমস্যা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এরপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।