সড়কে ধানমাড়াই, খড়ের গাদা ঝুঁকি নিয়ে যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কগুলোর অনেক অংশজুড়ে ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরি করা হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ফলে এসব সড়ক দিয়ে চলাচলকারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরির প্রবণতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া মে মাসের প্রথম সপ্তাহে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তদারকিতে বিভিন্ন সড়কে মাইকিং করে জনগণকে সতর্ক করা হয়েছে। এর আগে ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরির প্রবণতাকে নিষিদ্ধ করতে মাইকিং করে কৃষকদের সতর্ক করতে ২০১৪ সালের জুন মাসে উপজেলা প্রশাসন থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়। এরপরও মানুষ রাস্তার ওপর ধানমাড়াই-শুকানো বন্ধ করেনি।
মল্লিকপুর কান্দরে সড়কের ওপর ধান মাড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময় গত সোমবার কথা হয় পয়গাম আলী নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘বাড়িতে ধান মাড়াইয়ের চাতাল থাকলে কি আর আমরা রাস্তায় ধান মাড়াই করি? কী করব, আর কয়দিন গেলেই ধান কাটা, মাড়াই শেষ হয়ে যাবে।’
গত সোম, মঙ্গল ও বুধবার সরেজমিনে উপজেলার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের গুয়াগাঁও ও ফুটকীবাড়ি সেতুর পশ্চিম পাশে, ভাঙ্গা মাদ্রাসা-ভাবনাগঞ্জ রাস্তা, জয়নালের পেট্রলপাম্প-ফকিরগঞ্জ, বৈরচুনা-ফকিরগঞ্জ-খটশিঙ্গা-গোগর রাস্তা, পীরগঞ্জ-জাবরহাট সড়কের মল্লিকপুর, খাড়িপাড়া, পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের গনিরহাট, রণতার সেতুর পাশে, কেউটগাঁও-অষ্টপ্রহরসহ বিভিন্ন রাস্তার অর্ধশতাধিক জায়গায় ধানমাড়াই, খড়ের গাদা তৈরি ও ধান শুকাতে দেখা যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গত ৩১ মে দুপুরে কাহারোলের কামোড় গ্রামের সত্যনাথ রায় (৪৫) সস্ত্রীক পীরগঞ্জ-ফকিরগঞ্জ রাস্তা দিয়ে যাওয়ার পথে সেনগাঁও খামারের কাছে খড়ের ওপর পিছলে পড়েন। এতে তাঁর মোটরসাইকেলের হেডলাইট ভেঙে যায় ও তাঁর স্ত্রী স্মৃতি রায় আহত হন। গত ২৫ মে বিকেলে বৈরচুনা বাজারের পশ্চিমে খড়ের ওপর পিছলে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও গ্রামের উজির আলী (৫৪) মোটরসাইকেলসহ পাকা রাস্তায় উল্টে পড়েন। এতে তিনি হাঁটুতে প্রচণ্ড ব্যথা পান।
গত ২১ মে বিকেলে পীরগঞ্জ-জাবরহাট সড়কের মল্লিকপুর বাঁকে মোটরসাইকেলসহ পিছলে হরিপুরের ডাঙ্গীপাড়া গ্রামের মান্নাফ আলী (৫০) আহত হন। একইভাবে ১৩ ও ১৭ মে গোদাগাড়ী-অষ্টপ্রহর ও ফাটারহাট-চন্দরিয়া সড়কে পৃথক দুর্ঘটনায় চালক আহত হন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুর ইসলাম খন্দকার বলেন, রাস্তার ওপর ধানমাড়াই, ধান-খড় বিছিয়ে শুকানোর কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মে মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে কৃষকদের সতর্ক করা হয়েছে।