সড়কে নিম্নমানের কাজ, ঠিকাদারকে ধাওয়া
মহাসড়ক সংস্কারে নিম্নমানের কাজ হওয়ায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ঠিকাদারকে ধাওয়া করেন। গতকাল শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবরোধস্থলে গিয়ে কাজের মান উন্নত করার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন।স্থানীয় লোকজন জানান, সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর এলাকার ভাঙাচোরা অংশ মেরামত করতে সড়ক ও জনপথ বিভাগ থেকে গুচ্ছ প্রকল্পে ঠিকাদারি কাজ নেন জৈন্তাপুরের ঠিকাদার জামাল মিয়া। প্রায় এক সপ্তাহ ধরে সংস্কারকাজ চলে। কিন্তু সদ্য মেরামত করা অংশ ফের ভেঙে পড়ায় জৈন্তাপুর সদর বাজারের ব্যবসায়ীরা গতকাল সকালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ঠিকাদারের কাছে কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদার উল্টো তাঁদের প্রতি ক্ষোভ দেখান।জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন জানান, এ অবস্থায় ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় জনসাধারণও ক্ষুব্ধ হয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ঠিকাদার অবরোধস্থলে গেলে ক্ষুব্ধ জনতা তাঁকে ধাওয়া করেন। এ সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জৈন্তাপুরের ইউএনও রাশেদুল ইসলাম জানান, কাজের মান উন্নত করে সংস্কারকাজ চালানোর আশ্বাসে বিক্ষুব্ধ লোকজন শান্ত হন। আহত ঠিকাদারকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।