
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সন্তোষপুর-মানিকপুর সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ গতকাল মঙ্গলবার সড়কটি পরিদর্শন করেন।
পরে ইউএনও নিম্নমানের উপকরণ ব্যবহার এবং তদারকিতে গাফিলতির বিষয়ে ব্যাখ্যা দিতে উপজেলা প্রকৌশলী ওসমান গণিকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। এর আগে গত সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ অনিয়মের অভিযোগে সড়কটির নির্মাণকাজ বন্ধ করে দেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উথলী ইউনিয়নের সন্তোষপুর থেকে মানিকপুর পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তার (এইচবিবি) উন্নয়নে সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। বৃহত্তর কুষ্টিয়া প্রকল্পের (জিকেপি) আওতায় ৩০ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ ও তিন মিটার চওড়া এ সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়নে চুয়াডাঙ্গার দেলোয়ার হোসেনকে ঠিকাদার নিযুক্ত করা হয়। শর্তানুযায়ী সড়কটিতে ছয় ইঞ্চি পুরু বালুর ওপর এক নম্বর ইট বিছানোর কথা ছিল। কিন্তু সড়কটিতে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছিল।
এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ ও উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হান্নান সোমবার সরেজমিনে পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় সে সময় কাজ বন্ধ করে দেওয়া হয়।
এদিকে ইউএনও গতকাল সকালে সরেজমিনে ঠিকাদারের নিযুক্ত কয়েকজন শ্রমিককে কর্মরত অবস্থায় পান। তবে তদারকির দায়িত্বে থাকা কাউকে তিনি সেখানে পাননি। এ ঘটনায় ইউএনও উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত চেয়ে চিঠি দেন। চিঠিতে ইউএনও উল্লেখ করেন, ‘৭ ফেব্রুয়ারি সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রকল্পে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে, যা নিয়মবহির্ভূত এবং একটি অপরাধ। প্রকল্পটি তাঁর (উপজেলা প্রকৌশলী) বিভাগের তদারকিতে বাস্তবায়িত হওয়ার কথা। কিন্তু পরিদর্শনকালে কোনো কর্মকর্তা/কর্মচারীকে পাওয়া যায়নি। প্রকল্প তদারকিতে যথেষ্ট গাফিলতি আছে বলে প্রতীয়মান হয়। এ অবস্থায় প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহার ও প্রকল্প তদারকি না করায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের অনুরোধ করা হলো।’
জানতে চাইলে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আকতার হোসেন বলেন, তিনি ছুটিতে এলাকার বাইরে ছিলেন। প্রকল্পের কাজ ৬ ফেব্রুয়ারি থেকে শুরুর কথা থাকলেও ঠিকাদার ১ ফেব্রুয়ারি থেকে তা শুরু করেছেন। ইতিমধ্যে ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘৬ ফেব্রুয়ারি সরেজমিনে আমিও অনিয়ম পেয়েছি। নির্মাণকাজে দুই নম্বর ইট ছাড়াও ভাঙা ইট ব্যবহার করা হয়েছে। ঠিকাদারকে ওই সব ইট সরিয়ে এক নম্বর ইট দিয়ে কাজ করতে বলা হয়েছে। ইতিমধ্যে সরানোর কাজ শুরু হয়েছে।’
ঠিকাদার দেলোয়ার হোসেন দাবি করেন, তাঁর অজান্তে প্রকল্প এলাকায় চার ট্রাক (আট হাজার) দুই নম্বর ইট নেওয়া হয়েছিল। উপজেলা চেয়ারম্যান বিষয়টি জানানোর পর নিম্নমানের ইট সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিন ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। শিগগিরই এক নম্বর ইট দিয়ে বাকি কাজ করা হবে।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী ওসমান গণির মুঠোফোন একাধিকবার কল করলেও তিনি ধরেননি।