সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রাম-দরিহরিহরনগর-চাপলডাঙ্গা সড়কের নির্মাণকাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বোয়ালমারী উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কামারগ্রাম জামে মসজিদের কাছ থেকে চাপলডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালভার্ট পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য ২০১০-১১ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। এ জন্য ৬২ লাখ ৪৪ হাজার ২১৭ টাকা বরাদ্দ করা হয়। কাজটি পান নগরকান্দা উপজেলার তালমা গ্রামের বাসিন্দা ঠিকাদার এফ এম মোস্তাক আহমেদ। এলজিইডির বোয়ালমারী কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত বছরের ৬ ফেব্রুয়ারি ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। দরপত্রের শর্ত অনুযায়ী, ১০ ফুট প্রস্থের ওই সড়কের মাটি খুঁড়ে প্রথমে ১০ ইঞ্চি বালু দিয়ে ভরাট করতে হবে। এর ওপর ছয় ইঞ্চি পুরু ইট-বালুর মিশ্রণের একটি স্তর এবং ছয় ইঞ্চি ম্যাকাডাম করার পর ওপরের অংশে এক ইঞ্চি পুরু পাথর ও বিটুমিনের ঢালাই দিতে হবে। এ ছাড়া এ সড়কে সাত মিলিমিটার পুরু সিলকোট দেওয়া এবং এক নম্বর ইট ব্যবহার করার কথা।দরপত্রের শর্তানুযায়ী, গত বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু টানা বৃষ্টি থাকায় ঠিকাদার নির্ধারিত সময় কাজ শুরু করতে পারেননি। এ কারণে আবেদন করে ঠিকাদার চলতি বছরের মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছেন।সরেজমিনে দেখা গেছে, চাপলডাঙ্গা গ্রামের কাছে শ্রমিকেরা রাস্তার ম্যাকাডামের কাজ করছেন। প্রকৌশল বিভাগের তদারকির অভাবে শ্রমিকেরা ইচ্ছামতো নিম্নমানের ইট রোলার মেশিন দিয়ে মিশিয়ে সড়কে দিচ্ছেন।চাপলডাঙ্গা গ্রামের ইটভাটার শ্রমিক মো. মিজানুর শেখ ও মো. কোবাদ শেখ জানান, ভাটায় যেসব ইট বিক্রির অনুপযোগী, সেসব রাবিস (নিম্নমানের) শ্রেণীর ইট সড়কে ব্যবহার করা হচ্ছে।চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা আ. গফ্ফার শেখ বলেন, ঠিকাদারের লোকজনের সঙ্গে কাজের মান নিয়ে প্রতিবাদ করলে তাঁরা স্থানীয় লোকজনকে চাঁদাবাজির মামলায় ফাঁসানোসহ নানা ধরনের হুমকি দেন।ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি আবু রেজা খান বলেন, ‘আমি ঠিকাদারের প্রতিনিধি হলেও আমার বাড়ি এই গ্রামে এবং এই রাস্তা দিয়ে আমাকেও চলাফেরা করতে হবে। তাই আরও আগে এ ব্যাপারে ঠিকাদারকে সতর্ক করা হলে কাজের মান ভালো পাওয়া যেত।’ঠিকাদার এফ এম মোস্তাক আহমেদের পক্ষে রাস্তা নির্মাণের ওই কাজটি করছেন তালমা গ্রামের মো. ইয়াহিয়া মুন্সি। তিনি বলেন, ‘হাতে টাকা না থাকায় সময়মতো কাজ শুরু করতে পারিনি। বর্তমান সময়ে কাজ করতে এসে আমাকে লোকসান গুনতে হচ্ছে। তবু কাজের মান ভালো করার চেষ্টা করছি।’রাস্তার কাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শেখ ফজল বলেন, কাজ নিয়ে অভিযোগ থাকতেই পারে। তবু আমরা শতভাগ না হলেও ভালো কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করব।এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘আমি খবর পেয়ে ঠিকাদারকে নিম্নমানের নির্মাণসামগ্রী সাইট (কাজের এলাকা) থেকে সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিয়েছি। কাজের মান ভালো না হলে প্রয়োজনে ঠিকাদারের বিল বন্ধ করে দেওয়া হবে।’