সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী-মাঝেরহাট সড়কের নির্মাণকাজে সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, শিডিউল অনুযায়ী ওই সড়কে ১৮ ইঞ্চি মাটি খুঁড়ে বালি ও ইটের খোয়া দিয়ে ভরাটের কথা থাকলেও গর্ত করা হয়েছে ১২-১৪ ইঞ্চি। পানি দিয়ে রোলিং করার কথা থাকলেও তা করা হচ্ছে না। সড়ক তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। বালির পরিমাণও দেওয়া হচ্ছে বেশি।তারাগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ইকরচালী বাজার থেকে মাঝেরহাট বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ৪৩ লাখ টাকা বরাদ্দ করা হয়। সড়কটি নির্মাণের দায়িত্ব পায় তারাগঞ্জের মেসার্স ছালেক ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।গত বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, সড়কে শ্রমিকেরা নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছেন। সেখানে এলজিইডির কোনো প্রকৌশলীকে পাওয়া যায়নি। পোদ্দারপাড়া গ্রামের কৃষক শমছের আলীসহ একাধিক বাসিন্দা অভিযোগ করেন, মানুষকে দেখানোর জন্য ঠিকাদার ভালো ইটের খোয়া রাস্তার পাশে ভেঙে রেখেছে। কিন্তু ট্রাকে করে তিন নম্বর ইটের খোয়া এনে রাস্তায় বিছানো হয়েছে। বালির পরিমাণও বেশি দেওয়া হচ্ছে। পানি দিয়ে রোলিং করার কথা থাকলেও তা করা হচ্ছে না।ইকরচালী ইউপির সদস্য জিয়াউল হক জানান, সড়কটির নির্মাণকাজে যেভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তাতে গ্রামবাসী হতাশ। চেয়ারম্যান মোবারক হোসেন প্রামানিক বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।এ ব্যাপারে ওই সড়কের তদারকি কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, কাজ শুরুর দিন ঠিকাদারের লোকজন কিছুটা সমস্যা করলেও এখন ভালোভাবে কাজ করিয়ে নেওয়া হচ্ছে।অভিযোগের ব্যাপারে বুধবার মুঠোফোনে যোগাযোগ করা হলে মেসার্স ছালেক ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার আবদুস ছালেক বলেন, ‘জরুরি কাজে ঢাকা এসেছি। শিডিউল মোতাবেক কাজ করছি। কোনো অনিয়ম করা হচ্ছে না।’ উপজেলা প্রকৌশলী সফিউর রহমান বলেন, ঠিকাদারকে নিম্নমানের খোয়া পরিবর্তন করতে বলা হয়েছে। শতভাগ কাজ আদায় করিয়ে নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি স্থানীয় লোকজন সচেতন, ফলে সেটি করা সম্ভব হবে।