সড়কে নিরাপত্তায় বাংলাদেশকে প্রায় ৩৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাংক

বাংলাদেশের সড়কগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নতকরণ এবং অধিক ঝুঁকিপূর্ণ মহাসড়ক ও জেলা সড়কগুলোতে দুর্ঘটনার কারণে হতাহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে বিশ্বব্যাংক থেকে ৩৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সহায়তা পাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার এই আর্থিক–সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

সড়ক নিরাপত্তা প্রকল্প বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে দেশের সড়কগুলোর নিরাপত্তা–সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করবে।

দেশের দুটি জাতীয় মহাসড়ক এন৪ (গাজীপুর থেকে এলেঙ্গা) ও এন৬ (নাটোর থেকে নবাবগঞ্জ) প্রকল্পের অধীনে সড়কগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে উন্নত প্রকৌশল নকশা, পথচারীদের জন্য চলাচলের সুবিধা, সড়কে সংকেত ও চিহ্ন স্থাপন, গতিসীমা প্রয়োগ এবং জরুরি সেবা বাস্তবায়ন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে এসব ব্যবস্থা নেওয়া হলে এই দুই মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার শতকরা ৩০ ভাগের বেশি কমাতে সহায়ক হবে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেছেন, সড়ক দুর্ঘটনা স্থায়ী প্রতিবন্ধিতার প্রধান কারণ। শিশুদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ এটি। এতে করে দরিদ্র পরিবারগুলো মারাত্মক বৈষম্যের শিকার হয়। সড়কে নিরাপত্তার উন্নতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং উন্নয়ন অগ্রাধিকার। তিনি আরও বলেন, এটি দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের প্রথম ডেডিকেটেড (নির্দিষ্ট কোনো বিষয়কে লক্ষ্য করে) সড়ক নিরাপত্তা প্রকল্প। এই প্রকল্প সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নতকরণ এবং দুর্ঘটনায় মানুষের মর্মান্তিক প্রাণহানি কমাতে বাংলাদেশকে অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করতে সহায়তা করবে।

এই প্রকল্পের অধীনে আধুনিক সড়ক নিরাপত্তা বাস্তবায়নে সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের জন্য একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। এটি পেশাদার চালকদের জন্য ব্যাপকভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়নেও সহায়তা করবে।