সড়কে নির্মাণসামগ্রী, দুর্ভোগ

কিশোরগঞ্জ শহরের কানিঘাটা এলাকায় মূল সড়কের ওপর রাস্তার উন্নয়নমূলক কাজের জন্য আনা পাথর ও বালু স্তূপ করে রেখেছে পৌরসভা। প্রায় ২০ দিন আগে থেকে সড়ক বন্ধ করে ফেলে রাখা এসব নির্মাণসামগ্রীর কারণে স্থানীয় ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
কিশোরগঞ্জ পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস ধরে কিশোরগঞ্জ পৌরসভার অধীনে শোলাকিয়া পূর্বাশা ক্লাব থেকে কানিঘাটা রেললাইন পর্যন্ত ১ দশমিক ৮০ কিলোমিটার সড়কে সংস্কারকাজ চলছে। এই সড়ক নির্মাণের জন্য আনা কিছু নির্মাণসামগ্রী রমজান মাস শুরু হওয়ার পর শহরের কানিঘাটা এলাকার রেললাইনের পাশের বেপারি বাড়ি সড়কের ১০০ ফুট এলাকায় স্তূপ করে রাখা হয়।
এলাকাবাসী জানান, বেপারি বাড়ি সড়ক দিয়ে বেপারি বাড়ি, গুলশান মোড়, বাগপাড়া, মাইঝপাড়া, বনানী মোড়, শোলাকিয়া, গাছ বাজার, সাহেব বাড়ি, কানিঘাটা ও নীলগঞ্জ এলাকার ৫০ হাজার লোক প্রতিদিন চলাচল করেন। এখন এই সড়কের ওপরে পাথর ও বালু ফেলে রাখা হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে মানুষের কষ্ট হচ্ছে। এ ছাড়া এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকায় এলাকার রোগীদের অনেক পথ ঘুরে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।
শোলাকিয়া এলাকার মুসলেহ উদ্দিন, আশরাফ মিয়া ও মোফাজ্জল হোসেন বলেন, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে মূল সড়ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। যানবাহন নিয়ে যাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা নেই। যানবাহনে বাসা-বাড়িতে যেতে হলে তিন কিলোমিটার ঘুরে যেতে হয়। আর হেঁটে যেতে হলে বালু ও পাথরের স্তূপের পাশ দিয়ে সাবধানে যেতে হয়। কিশোরগঞ্জের পৌরসভার এই এলাকাটি ৪ নম্বর ওয়ার্ডের অধীন। এই ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মিয়া দুর্ভোগ হওয়ার কথা স্বীকার করে বলেন, রাস্তার উন্নয়নমূলক কাজ হলে এলাকাবাসীকে কিছু দুর্ভোগ পোহাতে হবে। তবে এ দুর্ভোগ বেশি দিন থাকবে না।
এ বিষয়ে ওই কাজ তদারকির দায়িত্বে থাকা কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী গত ২৬ জুন মো. রফিকুল ইসলাম বলেন, ‘সড়কের ঢালাইকাজের জন্যই পাথর ও বালু রাখা হয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই পাথর ও বালু সরানো হবে।’