সড়কে নির্মাণসামগ্রী, দেখার কেউ নেই

বিকেল সাড়ে চারটা। অফিস ছুটির কারণে সচিবালয়ের চারদিক, মতিঝিল, সেগুনবাগিচা, বিজয়নগর, নয়াপল্টন, কাকরাইল—সর্বত্রই যানবাহনের ভিড়। গতকাল সোমবার সেগুনবাগিচায় ঢুকে আইডিইবি ভবনের পাশের রাস্তা ধরে বেরিয়ে কাকরাইল মোড় হয়ে মগবাজার বা রমনা পার্ক হয়ে বাংলামোটরের দিকে যাওয়া একটু সুবিধাজনক। কিন্তু যেসব গাড়ি এই সুযোগটি নিতে ওই পথ ধরে আসছিল, আটকে যাচ্ছিল। কারণ, রাস্তার অর্ধেকটাজুড়ে নির্মাণসামগ্রী।
গতকাল বিকেলের এই পরিস্থিতিতে মাঝেমধ্যেই ওই সড়কে যানবাহন আটকা পড়ছিল। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের সামনে কিছু গাড়ি দাঁড়ানোই ছিল। সে জন্য যেসব গাড়ি একটু একটু করে পাশের রাস্তা ধরে যাচ্ছিল, সেগুলো আটকে যাচ্ছিল। আবার একসঙ্গে একটির বেশি গাড়ি যেতেও পারছিল না।
দেখা গেল, রাস্তায় রাখা হয়েছে পাথরখণ্ড, বালু, এমনকি বালু ছাঁকার জালিও। দীর্ঘক্ষণ আটকে থাকায় একটি ব্যক্তিগত গাড়ির আরোহী বিরক্ত হয়ে রাস্তায় নেমে চিৎকার করে ওঠেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন এগুলো দেখে না, শুধু বড় বড় কথা বলে।’
রাস্তায় বালু রাখা হলেও কোন কাজে, তা বোঝা যাচ্ছিল না। কারণ, সেখানে কোনো বাড়ি নির্মাণের কাজ হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেল, সেগুনবাগিচায় একটি বহুতল ভবনের জন্য আগেই নির্মাণসামগ্রী রাস্তার ওপর রাখা হয়েছে। তবে কোন বাড়ির জন্য, তা জানা যায়নি।
সেকান্দার আলী নামের একজন রিকশারোহী এই প্রতিবেদককে বলেন, ‘শুনেছি, রাস্তায় নির্মাণসামগ্রী রাখা হলে সিটি করপোরেশন কোনো নোটিশ বা ঘোষণা ছাড়াই সেগুলো তুলে নিয়ে যেতে পারে। কিন্তু সে নিয়ম কোথাও মানা হয় না। আসলে দেখার কেউ নেই।’
সিটি করপোরেশনের বিধানে রয়েছে, সড়কে বা গলিপথে ইট, বালু, রড বা অন্য যেকোনো নির্মাণসামগ্রী রাখলে তা তুলে নিয়ে যেতে পারবে সিটি করপোরেশন। যেকোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিমালিক—সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য।
রাস্তায় যে অবাধে নির্মাণসামগ্রী রাখা হচ্ছে, এমনকি রাস্তার ওপরই বিশাল মেশিনে বিকট আওয়াজ তুলে সিমেন্ট-বালু-কংক্রিটের মিশ্রণ হচ্ছে, তা দেখা গেল গোপীবাগ এলাকায়ও। ছায়াবীথির গলি নামে পরিচিত সরু রাস্তাটিতে গত এক বছরে পাঁচটি বহুতল ভবনের নির্মাণকাজ হয়েছে। এগুলো ৯ তলা ও ১০ তলার। এ বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
গতকাল সকালে গিয়ে দেখা যায়, গোপীবাগ দ্বিতীয় গলির (লেন) বিপরীত দিকের এই রাস্তার প্রান্তসীমায় আরও একটি বহুতল ভবনের কাজ চলছে। ভিত হয়ে গেছে। যথারীতি রাস্তার ওপর রাখা হয়েছে পাথরখণ্ড, বালু, ইট। এসব রাখা হয়েছে রাস্তার প্রায় দুই-তৃতীয়াংশজুড়ে।
আশপাশের বাড়ির বাসিন্দারা অভিযোগ করেন, ভবনের নির্মাণকাজ চলে রাতের বেলায়ও। গভীর রাতে বিকট শব্দে এলাকাবাসীর শান্তি নষ্ট হলেও কেউ প্রতিবাদ জানাতে সাহস পান না।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ থেকে বলা হয়, রাস্তায় নির্মাণসামগ্রী রাখা বেআইনি হলেও অনেকেই তা মানেন না। সিটি করপোরেশন তাঁদের বিরুদ্ধে মাঝেমধ্যে ব্যবস্থাও নেয়। তবে রাস্তা প্রকৌশল বিভাগের হলেও অভিযান চালানোর দায়িত্ব সম্পত্তি বিভাগের। করপোরেশনের গাড়ি এবং লোকবলও নির্মাণাধীন বাড়িঘরের তুলনায় অনেক কম।