সড়কে নেমে পদে পদে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে অটোরিকশা পাওয়া যাচ্ছিল না। রিকশায়ও উঠতে পারছিলেন না রোগী। নিরুপায় হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই রোগীকে ট্রলিতে করে আধা কিলোমিটার দূরের একটি রোগ নিরাময় কেন্দ্রে নেওয়া হয় l ছবি: প্রথম আলো
হরতালে অটোরিকশা পাওয়া যাচ্ছিল না। রিকশায়ও উঠতে পারছিলেন না রোগী। নিরুপায় হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই রোগীকে ট্রলিতে করে আধা কিলোমিটার দূরের একটি রোগ নিরাময় কেন্দ্রে নেওয়া হয় l ছবি: প্রথম আলো

২০-দলীয় জোটের ডাকা অবরোধে গতকাল মঙ্গলবার বিভাগীয় শহরগুলো থেকে বাস চলাচল করেনি। চট্টগ্রাম ও রাজশাহী—এ দুই স্থানে অবরোধের পাশাপাশি হরতালও ছিল। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রাজশাহীর বাসস্ট্যান্ডগুলো থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এ কারণে সড়কে সাধারণ মানুষকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়েছে।
রংপুরে আঞ্চলিক মহাসড়কে ঝুঁকি নিয়ে অল্পসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করেছে। চট্টগ্রামে আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:

সিলেটে বাসের জন্য কদমতলী টার্মিনালে বসে থাকতে হয় যাত্রীদের l ছবি: প্রথম আলো
সিলেটে বাসের জন্য কদমতলী টার্মিনালে বসে থাকতে হয় যাত্রীদের l ছবি: প্রথম আলো


চট্টগ্রাম: হরতাল-অবরোধে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও চট্টগ্রাম থেকে আন্তজেলা কোনো বাস ও দূরপাল্লার যান ছেড়ে যায়নি। নগরের কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় সব কটি কাউন্টার বন্ধ। দু-একটি খোলা থাকলেও টিকিট বিক্রি হয়নি। কয়েকজন যাত্রী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাস ছাড়ার খবর নিচ্ছিলেন। পোশাক কারখানার শ্রমিক মো. জাহেদ বলেন, ‘আমার মা অসুস্থ। বাড়ি যাওয়া খুব প্রয়োজন। কিন্তু কোনো গাড়ি ছাড়ছে না। এখন কী করব বুঝতে পারছি না।’ নগরের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাছান চৌধুরী বলেন, নগরের কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। বাস চলাচল কিছুটা বিঘ্নিত হলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
রাজশাহী: হরতালের কারণে রাজশাহী নগর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনেরও সাপ্তাহিক বন্ধের দিন ছিল গতকাল। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এদিকে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে ৪৪তম উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসার শীতকালীন খেলাধুলায় অংশ নিতে এসেছিল পোতাদিয়া বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী। হরতালের কারণে বাড়ি ফেরার কোনো যানবাহন না পেয়ে তারা নগরের একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। বিকেলে রেলস্টেশনে কথা হয় চাঁপাইনবাবগঞ্জের নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ফাজিলাতুন নেসার সঙ্গে। তিনি বলেন, নওগাঁর আত্রাই থেকে দুপুরে ট্রেনে রাজশাহীতে এসেছেন। নাচোলে যাওয়ার আর কোনো যানবাহন পাচ্ছেন না।
সিলেট: গতকাল সিলেটে কদমতলী ও কুমারগাঁও বাসস্ট্যান্ড ছিল যাত্রীশূন্য। কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী বাসগুলো সারিবদ্ধ করে রাখা হয়। এ সময় টিকিট কাউন্টারগুলোতেও কাউকে দেখা যায়নি। ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসের টিকিট কাউন্টারে কর্তব্যরত একজন জানান, সকাল সাতটা থেকে অপেক্ষা করে বেলা ১১টায় একটি বাস ছেড়ে গেছে। ৪০ আসনের মধ্যে বাসে যাত্রী ছিলেন মাত্র ১৯ জন। বেলা দুইটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে নুরুন্নবী নামের ব্রাহ্মণবাড়িয়াগামী এক যাত্রীকে পাওয়া যায়। তিনি বলেন, বাস পূর্ণ না হওয়ায় ছাড়ছে না।
রংপুর: ঢাকাসহ আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে মহাসড়কে ব্যাটারিচালিত কিছু অটোরিকশা চলাচল করেছে। কাউনিয়া উপজেলার শহীদবাগ এলাকা থেকে সন্তানের চিকিৎসা করাতে অটোরিকশায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন রমিজন নেছা। সকাল সাড়ে নয়টায় শিশু ওয়ার্ডের বহির্বিভাগের সামনে তিনি বলেন, ‘বাস না থাকায় অনেক টাকা খরচ করিয়া অটোত আসছি। ফির অটোত ঘুরি যাওয়া লাগবে। এই ঠান্ডাত অটোত ছাওয়া (সন্তান) কোলোত নিয়া এত দূরের রাস্তা যাওয়া-আসা করতে অনেক কষ্ট হয়।’
শহরের মেডিকেল মোড়, বাস টার্মিনাল, মডার্ন মোড়, সাতমাথা মোড়সহ বিভিন্ন স্থানে মানুষজনকে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সকাল আটটার দিকে মেডিকেল মোড়ে ছয়জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। অটোরিকশার চালক শহিদুল ইসলাম বলেন, সৈয়দপুর যেতে তিন স্থানে অটো বদলাতে হবে। গাড়ি বন্ধ থাকায় যাত্রীদের জন্য এখন অটোরিকশাই ভরসা।

অবরোধে রংপুরে দূরপাল্লার বাস চলেনি, চলেছে অটোরিকশা; তাতে চড়তেই যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি । ছবি: প্রথম আলো
অবরোধে রংপুরে দূরপাল্লার বাস চলেনি, চলেছে অটোরিকশা; তাতে চড়তেই যাত্রীদের মধ্যে ঠেলাঠেলি । ছবি: প্রথম আলো