সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি, ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের টোটালিয়াপাড়া এলাকায় বলিয়ারপুর-কেরানীগঞ্জ সড়কের মাঝামাঝি স্থানে পল্লী বিদ্যুৎ সমিতির চারটি খুঁটি রয়েছে। মাঝেমধ্যে এসব খুঁটির সঙ্গে যানবাহনের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। কয়েক মাস আগে যানবাহনের ধাক্কায় দুটি খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
এলাকার একাধিক বাসিন্দা জানান, বছর ১৫ আগে পল্লী বিদ্যুৎ সমিতি সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা, সলমাশি, টোটালিয়াপাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর থেকে কেরানীগঞ্জের ওয়াসপুর পর্যন্ত সড়কের পাশে খুঁটি পুঁতে বিদ্যুতের লাইন নেওয়া হয়। বছর দুয়েক আগে মোগড়াকান্দা থেকে ওয়াসপুর পর্যন্ত সড়ক বর্ধিত করার সময় ঠিকাদার বিদ্যুতের ছয়টি খুঁটি না সরিয়ে সড়কের নির্মাণকাজ শেষ করেন, যার চারটি আজও সড়কের মাঝ বরাবর রয়েছে।
সড়কের মাঝামাঝি স্থানে ওই খুঁটিগুলো থাকায় প্রায় প্রতিদিনই ছোট-বড় অনেক গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব দুর্ঘটনায় অনেকে আহতও হয়েছেন। বিষয়টি পল্লী বিদ্যুতের আমিনবাজার আঞ্চলিক কার্যালয়ে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝামাঝি চারটি খুঁটি দাঁড়িয়ে আছে। এসব খুঁটিতে বিদ্যুতের লাইনসহ ট্রান্সফরমারও রয়েছে। স্থানীয় লোকজন খুঁটির চারপাশে ইটের স্তূপ করে রেখেছেন, যাতে দুর্ঘটনার হাত থেকে অন্তত খুঁটিগুলো রক্ষা পায়।
টোটালিয়াপাড়ার ব্যবসায়ী এছাহাক মিয়া ও মেহেদী হাসান জানান, মাস চারেক আগে ট্রাকের ধাক্কায় দুটি খুঁটি ভেঙে যাওয়ায় আশপাশের এলাকায় প্রায় এক মাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। স্থানীয়ভাবে ৭০ হাজার টাকা সংগ্রহ করে দুটি খুঁটি কেনার পর বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।
যোগাযোগ করা হলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন আমিনবাজার কার্যালয়ের উপমহাব্যস্থাপক (ডিজিএম) মজিবর রহমান বলেন, এলাকাবাসীর কাছ থেকে জানার পর সম্প্রতি বিপজ্জনক খুঁটিগুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগির সড়কের মাঝামাঝি স্থান থেকে খুঁটি সরিয়ে পাশে পুঁতে দেওয়া হবে।