>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

শেরপুর পৌরসভার ঢাকলহাটি-শেখহাটি সড়ক প্রায় এক কিলোমিটার দীর্ঘ। এর প্রায় কোথাও পিচ নেই। সব উঠে গেছে। বৃষ্টি হলে এ রাস্তায় কাদা হয়। তখন এ রাস্তাকে চষা খেতের মতো মনে হয়। রিকশাও চলে না। হেঁটে চলাও দুরূহ হয়ে পড়ে। সীমাহীন দুর্ভোগে পড়তে হয় সড়কের দুই পাশের বাসিন্দাদের।
এ ছাড়া পৌরসভার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। পৌরবাসী প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় পৌরসভার আওতাধীন পাকা সড়ক রয়েছে ৬১ দশমিক ১৩৬ কিলোমিটার এবং কাঁচা সড়ক রয়েছে ১৮ দশমিক ৬০৮ কিলোমিটার। এ ছাড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রয়েছে ১৬ কিলোমিটার পাকা সড়ক। পৌরসভার রাস্তাগুলো এমনিতেই সরু। তার ওপর হেঁটে চলা পথ (ফুটপাত) দখল হয়ে গেছে। শহরের বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ এলাকার কয়েকটি সড়ক রিকশা ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গত ১৯ অক্টোবর সরেজমিনে দেখা যায়, শহরের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত পৌর ট্রাক টার্মিনাল থেকে ঢাকলহাটি, শীতলপুর, দীঘারপাড় হয়ে নওহাটা খোয়ারপাড় মোড় পর্যন্ত সড়ক, দীঘারপাড় থেকে কান্দাপাড়া পর্যন্ত সড়ক, ঢাকলহাটি থেকে শেখহাটি বাজার পর্যন্ত সড়ক, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়আনী বাজার কালীবাড়ি মোড় (ডিসি গেট) থেকে কলাহাটি হয়ে খরমপুর মোড় পর্যন্ত সড়ক এবং অষ্টমীতলা পুলিশ লাইনস থেকে নবীনগর হাজির দোকানের মোড় হয়ে রাজবল্লভপুর ও দুর্গা নারায়ণপুর মোড় পর্যন্ত সড়কের বেশির ভাগ অংশের পিচ ও সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ঢাকলহাটি এলাকার ট্রলিচালক মো. হাবিবুর রহমান বলেন, ঢাকলহাটি-দীঘারপাড়-নওহাটা-কান্দাপাড়া এলাকায় দুই শতাধিক চালকল রয়েছে। এসব কল থেকে ট্রাক ও ট্রলির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চাল সরবরাহ করা হয়। কিন্তু কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ট্রলি গর্তে আটকা পড়ে।