সড়কে পুলিশ সদস্যদের প্রাণহানির প্রধান কারণ ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ী–আমনুরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় গত ৪ মার্চ সড়ক দুর্ঘটনার শিকার হন নূর ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত এই উপপরিদর্শকের মোটরসাইকেল ও ভাঙা হেলমেট পড়ে ছিল রাস্তায়। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১২টার দিকে। নূর ইসলাম জোরে চালাচ্ছিলেন মোটরবাইকটি। সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিনি একটি গাছে ধাক্কা খান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যদের মৃত্যুর প্রধান কারণ রাস্তায় চলার সময় অতিরিক্ত আত্মবিশ্বাস। এর বাইরে বেপরোয়া যান নিয়ন্ত্রণ ও মানসিক চাপের কারণে অন্যমনস্কতা থেকে পুলিশ সদস্যরা সড়ক দুর্ঘটনায় পড়ছেন। তাঁদের মৃত্যুহারও সাধারণ মানুষের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।

পুলিশ সদর দপ্তরের নিজস্ব গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। পুলিশ বলেছে, কেন এই বাহিনীর সদস্যরা বেশি সংখ্যায় সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং তাঁদের ঝুঁকি কমাতে কী করা যায়, সেটাই ছিল গবেষণার উদ্দেশ্য। তাঁরা বলেছেন, প্রতিবছর যেখানে প্রতি লাখ সাধারণ মানুষের বিপরীতে সড়ক দুর্ঘটনায় মারা যান ৩ দশমিক ২ জন, সেখানে পুলিশ সদস্যদের ক্ষেত্রে তা প্রতি লাখে ৩০ জন। ভুক্তভোগী পুলিশ সদস্যদের ৬২ দশমিক ৯ শতাংশ মোটরসাইকেলের চালক বা যাত্রী।

আরও পড়ুন

‘পুলিশ সদস্যদের সড়ক দুর্ঘটনার ঝুঁকি: একটি বিশ্লেষণ’ নামে গবেষণাপত্রটি পুলিশের মুখপত্র ডিটেকটিভ–এর মার্চ ২০২২ সংখ্যায় ছাপা হয়েছে। গবেষণাটি করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মো. আবদুর রাজ্জাক, সহকারী মহাপরিদর্শক (ট্রাফিক ম্যানেজমেন্ট) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী এবং উপপুলিশ পরিদর্শক (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মো. হাসানুল বাসার।

গবেষকেরা ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছরে ঘটা মোট ৫২৯টি সড়ক দুর্ঘটনা খতিয়ে দেখেছেন। তাঁরা দুর্ঘটনায় বেঁচে যাওয়া পুলিশ সদস্য, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, তাঁদের ঘনিষ্ঠ সহকর্মী, পুলিশের নেতৃত্ব ও ব্যবস্থাপনায় থাকা ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নেন। গবেষণায় দলভিত্তিক আলোচনা ও বিভিন্ন ঘটনা যুক্ত করা হয়।

দুর্ঘটনার ঝুঁকি কমাতে গবেষণায় পুলিশ সদস্যদের যানবাহন চালানোর যথাযথ প্রশিক্ষণ, মোটরসাইকেল ব্যবহারে সতর্ক হওয়া, যানবাহন চালানোর সময় মুঠোফোন ব্যবহার না করা, নিজ জেলার পাশের জেলায় পদায়নে নিরুৎসাহিত করাসহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে।

গবেষক দলের প্রধান সদস্য মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে এ গবেষণায় করা সুপারিশগুলো বাস্তবায়নের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। যেমন, পুলিশ সদস্যরা যেন ছুটিতে কিছুতেই মোটরসাইকেল নিয়ে দূরের পথে যাত্রা না করেন, সে ব্যাপারে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, সড়ক দুর্ঘটনার শিকার পুলিশ সদস্যদের বড় অংশেরই কর্মস্থল ছিল নিজের জেলার কাছে। বাড়ি যেতে গিয়ে তাঁরা দুর্ঘটনায় পড়েছেন।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালমুখী মানুষ যেন রাস্তা পার হতে পারেন, সে জন্য তিনি সিগন্যাল দিতে দিতে এগোচ্ছিলেন।
কাজী হানিফুল ইসলাম, তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার

দুর্ঘটনার যত কারণ

গবেষকেরা বলেছেন, রাস্তায় চলার সময় পুলিশ সদস্যরা নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসী ও ক্ষমতাবান মনে করেন। সহকর্মীর কাছ থেকে আইনগত সহযোগিতা পাওয়ার বিষয়টি তাঁদের সড়কে ঝুঁকি নিতে উৎসাহিত করে। ক্ষমতা প্রদর্শন করার প্রবণতা তাঁদের যথাযথ ট্রাফিক আইন মানা, গাড়ির ফিটনেস পরীক্ষা করা কিংবা যথাযথ কাগজপত্র সঙ্গে রাখা থেকে দূরে থাকে।

তবে অনেক সময় কাজের ধরনের জন্য বেপরোয়া যান মোকাবিলা করতে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত ট্রাফিকের দায়িত্ব পালনের সময় এ ধরনের ঘটনা বেশি ঘটে।

গত বছরের ১ আগস্ট সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিহত হন ট্রাফিক তেজগাঁও বিভাগের কনস্টেবল মো. হেলাল। তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালমুখী মানুষ যেন রাস্তা পার হতে পারেন, সে জন্য তিনি সিগন্যাল দিতে দিতে এগোচ্ছিলেন। একটি মাইক্রোবাস সিগন্যাল অমান্য করে তাঁকে চাপা দিয়ে চলে যায়। মাইক্রোবাসের চাকার সঙ্গে নিহত কনস্টেবলের পোশাকের কিছু অংশ ঝুলে ছিল।

যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রেই আত্মবিশ্বাস, ক্লান্তি, মানসিক চাপ কারণ হিসেবে কাজ করে। যেমন চার ঘণ্টা মোটরসাইকেল চালানোর পর আধা ঘণ্টা বিশ্রাম নেওয়া বাধ্যতামূলক। আত্মবিশ্বাস থেকে অনেকে এই বিশ্রাম নেন না।
মো. হাদিউজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক

গবেষকেরা বলছেন, মানসিক চাপের কারণে অন্যমনস্কতা পুলিশ সদস্যদের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। দেখা গেছে, ৩১ শতাংশ ক্ষেত্রে পুলিশ সদস্যরা অন্য কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ ছাড়াই দুর্ঘটনায় পড়েছে। পুলিশ সদস্যদের ক্লান্তি নিয়ে গাড়ি চালনা এ ধরনের দুর্ঘটনার পেছনে কাজ করে।

গবেষণায় পুলিশ সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত যানবাহনে ত্রুটির কথা বলা হয়েছে। তাঁরা বলেন, নিম্নপদস্থ পুলিশের সদস্যদের বেশির ভাগ ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করেন। তাঁদের অনেকের বৈধ কাগজপত্র নেই, মোটরসাইকেলও ফিটনেসবিহীন। বেশির ভাগ পুলিশ সদস্যের ড্রাইভিং লাইসেন্সও থাকে না। মোটরসাইকেল ব্যবহারে যথাযথ সতর্কতা অবলম্বন না করা পুলিশ সদস্যদের দুর্ঘটনায় পড়ার বড় কারণ।

দুর্ঘটনার শিকার যাঁরা, যেভাবে

গবেষণায় দেখা গেছে, ২১ থেকে ৪০ বছর বয়সী পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি দুর্ঘটনায় পড়েন। এই হার ৬৬ শতাংশ। কনস্টেবল পদবির পুলিশ সদস্যদের ঝুঁকি সবচেয়ে বেশি—প্রায় ৫৮ শতাংশ। অন্য সদস্যদের মধ্যে মাঠপর্যায়ে কাজ করা উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও সার্জেন্টদের ঝুঁকি বেশি।

নিজ জেলার পার্শ্ববর্তী ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সড়ক দুর্ঘটনায় পতিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। গবেষণার ৬১ দশমিক ১২ শতাংশ দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশ সদস্যরা নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় কর্মরত ছিলেন। গবেষণায় বলা হয়, বাড়ির পাশে কর্মস্থল হলে পুলিশ সদস্যরা রাতে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেন। দীর্ঘ পথে ক্লান্তি নিয়ে মোটরসাইকেলে ভ্রমণ তাঁদের সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার অন্যতম প্রধান কারণ।

দেখা গেছে, যানবাহনের মধ্যে রাস্তায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যদের দুর্ঘটনায় শিকার হওয়ার হার সবচেয়ে বেশি—হার ২২ দশমিক ৫ শতাংশ। তবে সবচেয়ে লক্ষণীয় ২৫ দশমিক ৯ শতাংশ দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশ সদস্যরা কোনোরকম যানবাহন ছাড়াই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক মো. হাদিউজ্জামান প্রথম আলোকে বলেন, যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রেই আত্মবিশ্বাস, ক্লান্তি, মানসিক চাপ কারণ হিসেবে কাজ করে। যেমন চার ঘণ্টা মোটরসাইকেল চালানোর পর আধা ঘণ্টা বিশ্রাম নেওয়া বাধ্যতামূলক। আত্মবিশ্বাস থেকে অনেকে এই বিশ্রাম নেন না। দ্রুত মোটরসাইকেল চালান, ওভারটেক করেন, দুর্ঘটনায় পড়েন। এ ক্ষেত্রে সচেতন হলে দুর্ঘটনা কমে আসবে।