সড়কে পেঁয়াজ ফেলে কৃষকের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের আশানুরূপ দাম না পওয়ায় গতকাল শুক্রবার সকালে মেহেরপুর শহরের চারটি স্থানে কয়েক শ মণ পেঁয়াজ সড়কে ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন পেঁয়াজচাষিরা।
বামনপাড়া মোড়, বন্দর মোড়, শ্মশানঘাট মোড় ও পন্ডেরঘাট এলাকায় চাষিরা রাস্তায় পেঁয়াজ ফেলে তার ওপর দিয়ে ট্রাক চালিয়ে পিষে ফেলেন।
পেঁয়াজচাষিদের অভিযোগ, দেশে এবার পেঁয়াজের পর্যাপ্ত উৎপাদনের পরও পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ায় চাষিদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। সদর উপজেলার আশরাফপুর গ্রামের পেঁয়াজচাষি আবদুর রাজ্জাক জানান, এবার তিনি ২৬ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। কিন্তু পেঁয়াজ আমদানি হওয়ায় তাঁর আড়াই লাখ টাকা লোকসান হয়েছে। আমদাহ গ্রামের আহসান হাবিব বলেন, এবার ৪২ বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করে তিনি প্রায় নিঃস্ব হয়ে গেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক চৈতন্য কুমার দাস জানান, জেলায় এবার এক হাজার ৭০০ একর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে পেঁয়াজ চাষ হয়েছে দুই হাজার একর জমিতে। বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দেয়। তিনি বলেন, মেহেরপুরে বর্তমানে পাইকারি ১০-১২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাতে পেঁয়াজে চাষির লাভ কম হলেও লোকসান হওয়ার কথা নয়।