সড়কে প্রাণ গেল আরও ১০ জনের
মহাসড়কে মৃত্যু যেন থামছেই না। প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে প্রাণ। কোথাও কোথাও সড়ক বেহালদশায়, আবার কখনো চালকের বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। আর এসব দুর্ঘটনা ঠেকাতে না পারার জন্য নিজের ব্যর্থতা স্বীকার করে গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তাঁর বক্তব্যের পরও আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ১০ জন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। মুন্সিগঞ্জের শ্রীনগর, গোপালগঞ্জ ও কুমিল্লায় এসব দুর্ঘটনা ঘটে। ১১ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১২১ জন নিহত হয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর
মুন্সিগঞ্জ : পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে দুপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। তাঁদের স্থানীয় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের সুকুমার মণ্ডল (৫৫) ও তাঁর স্ত্রী পারুল মণ্ডল (৪৮) এবং কেয়টখালী গ্রামের ব্যবসায়ী ফরহাদ হোসেন (২৮)। হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
ফরহাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে উত্তেজিত জনতা কেয়টখালী এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়। প্রায় এক ঘণ্টা পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। তবে মহাসড়ক স্বাভাবিক হতে বিকেল চারটা বেজে যায়।
শ্রীনগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সামছুজ্জামান বলেন, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের বাসটি অন্য একটি বাসকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটিকে আটক করা হয়েছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে চাকা ফেটে যাওয়ায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে মুকসুদপুর উপজেলার কদমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, নিহত দুজনের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের মধ্যে একজন বাসের সহযোগী ও অপরজন যাত্রী বলে পুলিশের ধারণা। খান জাহান আলী পরিবহনের এই বাসটি নড়াইল থেকে মাওয়া যাচ্ছিল।
আহত ব্যক্তিদের মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রতন বৈরাগী বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মাওয়াগামী রাফিন-সাফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোল্লাহাট সেতু পার হওয়ার সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শাহনেওয়াজ শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ওই জায়গায় টোল আদায় কাজে নিয়োজিত হিরু সিকদার মারাত্মক আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জে জেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী শাহনেওয়াজ শেখ (২৫)। তিনি টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের ফায়েক আলী শেখের ছেলে।
কুমিল্লা : হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানচালক মাহে আলম (৩৩) ঘটনাস্থলেই নিহত হন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) সার্জেন্ট মনির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। মাহে আলমের লাশ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
এ ছাড়া গতকাল রাত ১২টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপায় এক বৃদ্ধা (৭০) নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রংপুর : পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ফাজিলপুর গ্রামের আতিয়ার রহমান (৪৭) ও তাঁর ছেলে মোস্তফা কামাল (২৮), ওই গ্রামের সুরেন কুমার (৪২) ঘটনার দিন বেলা দুইটার দিকে তারাগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। চিকলী বাজার এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পৌঁছালে সৈয়দপুরগামী একটি নৈশকোচ পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আতিয়ার রহমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মোস্তফা ও সুরেন কুমারকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুরেন মারা যান।