সড়কে প্রাণ গেল নানি-নাতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ট্রলির ধাক্কায় নানি-নাতির মৃত্যু হয়েছে। অপরদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বাইসাইকেলের এক আরোহী। আজ শুক্রবার দুপুরের দিকে এসব দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখানে নিহত দুজন হলেন উপজেলার মধ্য রাজদিয়া গ্রামের হযরত আলীর স্ত্রী সাজেদা বেগম ও তাঁর নাতি শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে মো. হাবিব (৩)। বেলা একটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া এলাকায় মালবাহী ট্রলির ধাক্কায় তাঁরা নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজেদা বেগম নাতিকে নিয়ে রিকশাযোগে এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। পার্শ্ব সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলি ওই রিকশাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. দুলাল বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়।

এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার গাইবান্ধা-বামনডাঙা-রংপুর সড়কের রামদেব এলাকায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত মোফাজ্জল হোসেন (৩৫) উপজেলার বামনডাঙা ইউনিয়নের সাতগিরি গ্রামের আবদুস সামাদের ছেলে।

পুলিশ জানায়, ছেলের জন্মসনদ আনতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন মোফাজ্জল। পথে রংপুরগামী একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোফাজ্জল হোসেন দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। ছয় মাস আগে দেশে ফেরেন।

দুর্ঘটনা দুটির সঙ্গে সংশ্লিষ্ট ট্রলি ও ট্রাকটি জব্দ করতে সক্ষম হলেও চালক বা সহযোগী কাউকে আটক করতে পারেনি পুলিশ।