সড়কে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তাসহ চারজনের
নরসিংদীর বেলাবতে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান আরফানুল আলম নিহত হয়েছেন। এ ছাড়া তিন জেলায় সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যসহ আরও তিনজন নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): দেওয়ান আরফানুল আলমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। তিনি শুক্রবার প্রাইভেট কারে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি যান। গতকাল সকালে নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় ফিরছিলেন। দুপুরে নীলকুঠি এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি সড়কের পাশের খাদে পড়ে যায়। হাইওয়ে পুলিশ আহত আরফানুলকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
নেত্রকোনা: জেলার আটপাড়া উপজেলার অভয়পাশায় পিকআপের ধাক্কায় ডিবির এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সদস্য। গতকাল বিকেলে মোটরসাইকেলে করে মাদকবিরোধী অভিযানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাহবুব আলম (৪৮)। তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।
কুমিল্লা: জেলার বরুড়া উপজেলার গালিমপুরে গতকাল সকালে সড়ক পার হচ্ছিল তুহিন হোসেন (৫) নামের এক শিশু। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশা (সিএনজি) তাকে চাপা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার গালিমপুর গ্রামের মীর হোসেনের ছেলে।
জামালপুর: মেলান্দহে শনিবার রাতে জামালপুর-ইসলামপুর সড়কের মামা-ভাগিনা এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবুল কালাম (৩২) নিহত হন। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার কুটামনী গ্রামে। জামালপুর শহর থেকে ইসলামপুরগামী অটোরিকশায় ছিলেন তিনি।