সড়কে প্রাণ ঝরল পুলিশসহ চারজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পৃথক ঘটনায় ট্রাকচাপায় নিহত হয়েছেন এক গৃহবধূ ও কাঠমিস্ত্রি। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন পুলিশ সদস্য। ঝিনাইদহে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় প্রাণ গেছে অজ্ঞাত একটি শিশুর।

এ ছাড়া পিরোজপুরে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গত রোববার রাতে এবং গতকাল সোমবার সকালে ও দুপুরে এসব ঘটনা ঘটে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর।

ফরিদপুর: প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার থানা রোডে রোববার রাত পৌনে নয়টার দিকে পণ্যবাহী ট্রাকের চাপায় নিহত হন গৃহবধূ বকুলী দাস (৩০)। তিনি পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লার মাছ ব্যবসায়ী বিশ্ব দাসের স্ত্রী।

বকুলী দাস দুর্গাপূজা দেখতে থানা রোড দিয়ে একটি রিকশাভ্যানে করে যাচ্ছিলেন। একটি পণ্যবাহী ট্রাক পেছনের দিক থেকে ওই রিকশাভ্যানকে ধাক্কা দিলে বকুলী দাস ছিটকে পড়েন। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে পারিবারিক সূত্র জানায়, চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসারডাঙ্গি গ্রামের বাসিন্দা শেখ কুদ্দুস (৪২) গতকাল সকালে অটোরিকশায় করে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত শেখ কুদ্দুসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে ঢাকার গাবতলী এলাকায় তাঁর মৃত্যু হয়।

এ ছাড়া গতকাল দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশসদস্য মো. আল আমিন (২৫)। তিনি গোপালগঞ্জ শহরের পাচুরিয়া মহল্লার এস এম মোশাররফ হোসেনের ছেলে।

ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য নাসির হোসেন বলেন, আল আমিন ফরিদপুর পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ৬ অক্টোবর ছুটি নিয়ে তিনি নড়াইলে খালার বাড়িতে যান। গতকাল সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলার বেজপাড়ায় গতকাল বেলা পৌনে তিনটার দিকে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় নছিমনযাত্রী অজ্ঞাত একটি শিশু (১০)। একই ঘটনায় আহত হন নছিমনের আরও দুই যাত্রী। তাঁদের বয়স আনুমানিক ২৫ ও ৪০ বছর।

পিরোজপুর: স্বরূপকাঠির কলেজছাত্রী শিল্পী সাহা (১৭) রোববার পরিবারের সদস্যদের সঙ্গে বরিশালের বানারীপাড়া উপজেলায় পূজামণ্ডপে ঘুরতে যায়। রাতে ইজিবাইকে বাড়ি ফেরার পথে বানারীপাড়ার মাছরং এলাকায় তার ওড়না ইজিবাইকের মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। মোটরের সঙ্গে লেগে শিল্পীর বাঁ-হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিল্পী সাহা স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের বাসুদেব সাহার মেয়ে। সে স্থানীয় শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।