সড়কে প্রাণ হারালেন এসআইসহ ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই), শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
নিহত ছয়জন হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব শিখরমঙ্গল গ্রামের বাসিন্দা এসআই কামরুল ইসলাম (২৮), কুমিল্লার চান্দিনা উপজেলার মাসরা গ্রামের আলী আহম্মদ (৫০), পটুয়াখালীর বাউফল উপজেলার পোনাহুরা গ্রামের হালিম মিয়া (৩৫), নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দ গ্রামের খোরশেদ মিয়া (৩২), রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকার আবদুল লতিফের স্ত্রী সুমাইয়া আক্তার (২৫) ও তাঁর তিন মাস বয়সী সন্তান নুসরাত জাহান।
আহত ব্যক্তিরা হলেন লিটন মিয়া (৩৫), আহসান হাবিব (৪০), মিতু আক্তার (৩৫), কবির হোসেন (৩৭), ইলিয়াস মিয়া (২৯), সামছুন নাহার (২৭), তামিম হোসেন (২২), আবুল কালাম (২৭), তপু কুমার (১৮), আবদুল কাদির (২৮), আসাদ মিয়া (২১), কাউসার মিয়া (২২), সামছুজ্জামান (২৭), অলিউল্লাহ (১৮), মিজানুর রহমান (২৩), ফাহিমা আক্তার (৩৩), রহিম মিয়া (৩১) ও হুমায়ন কবির (৩১)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী ঢাকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস রাত নয়টার দিকে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পথচারীদের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেলে থাকা অবস্থায় এসআই কামরুল ইসলাম এবং পথচারী আলী আহম্মদ, হালিম মিয়া ও খোরশেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম বলেন, এসআই কামরুল গতকাল গজারিয়া থানা থেকে বদলি হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগদান করেন। সেখান থেকে আগের কর্মস্থল গজারিয়া থানায় আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একই স্থানে বিকেলে গৃহবধূ সুমাইয়া আক্তার শিশু নুসরাত জাহানকে নিয়ে সড়ক পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সুমাইয়া মারা যান। হাসপাতালে নেওয়ার পথে শিশু নুসরাতও মারা যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম বলেন, বাস ও লরি আটক রয়েছে। চালকেরা পলাতক।