সড়কে ফসল মাড়াই ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে কৃষকেরা সড়ক দখল করে ধান-ভুট্টা মাড়াই ও শুকানোর কাজ করছেন। ফসল সংগ্রহের শুরুর পর থেকেই তাঁরা এ কাজ করছেন। এতে প্রায়ই এসব সড়কে দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।গত কয়েক দিনে সরেজমিনে জেলা সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার সড়কগুলোতে ধান-ভুট্টা মাড়াই ও শুকানোর দৃশ্য দেখা গেছে। নীলফামারীর জলঢাকা সড়কের কচুকাটা বড়বাড়ি এলাকায় গত সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তায় শুকাতে দেওয়া খড়ের ওপর দিয়ে যাওয়ার সময় চাকা পিছলে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। আহত ব্যক্তিরা নীলফামারী ও জলঢাকা হাসপাতালে চিকিৎসা নেন।জলঢাকা উপজেলা শহরের মোটরসাইকেল চালক শামীম হোসেন বলেন, সড়কগুলোতে ধান মাড়াই ও শুকাতে দেওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। রাস্তায় শুকাতে দেওয়া ভুট্টা ও খড়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালাতে গেলে দুর্ঘটনা ঘটে। পাশাপাশি এর ওপর দিয়ে প্রাইভেট কার, যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস ব্রেক কষলেই নিয়ন্ত্রণ হারায়।সরেজমিনে দেখা গেছে, নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট থেকে জলঢাকার দুন্দিবাড়ি পর্যন্ত তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের পরিদর্শন সড়কে কৃষকেরা ধান মাড়াই করছেন। সড়কটির কোথাও কোথাও ধান, খড়, ভুট্টা শুকানো হচ্ছে।জলঢাকার দেশীবাড়ি গ্রামের রহিমা বেগম বলেন, ‘সবায় তো ধান শুকায়ছে, হামরা শুকালে দোষ কী। হামরা তো রাস্তা বন্ধ করি নাই।’ পশ্চিম কাঁঠালি গ্রামের রহমান আলী জানান, এ এলাকার অনেক কৃষকেরই বাড়িতে ধান মাড়াই করার ও শুকানোর মতো জায়গা নেই। এ কারণে তাঁরা সড়কেই ধান মাড়াই ও শুকানোর কাজ করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, পাকা সড়কের ওপর খড় শুকানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জলঢাকা থানার ওসি তাপস কুমার পণ্ডিত বলেন, জলঢাকা উপজেলার প্রায় প্রতিটি সড়কে ধান-ভুট্টা মাড়াই ও শুকানোর কাজ চলছে। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। সড়ক বিভাগ সহায়তা করলে তাঁরা এসব বন্ধে ব্যবস্থা নিতে পারবেন।