লক্ষ্মীপুরের কমলনগরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তোরাবগঞ্জ বাজার এলাকায় সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বুধবার রাতে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
নিহত মোটরসাইকেলের আরোহী শিবু ভৌমিক (২৭) উপজেলার করুণানগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গৌতম চন্দ্র দাস বলেন, শিবু ভৌমিক রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে লক্ষ্মীপুর শহর থেকে করুণানগরে ফিরছিলেন। ঘটনাস্থলে সড়কের ওপর ফেলে রাখা একটি গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে তিনি আছড়ে পড়েন। এতে শিবু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিবুকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তোরাবগঞ্জ বাজার এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, আনন্দ স্কুলের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে বুধবার দুপুরে উপজেলা শিক্ষা কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তোরাবগঞ্জ বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের হটিয়ে যান চলাচলের ব্যবস্থা করে।
স্থানীয় সূত্র জানায়, অবরোধের জন্য ব্যবহূত গাছের গুঁড়িগুলো সড়কের অনেকটা জায়গাজুড়ে এলোমেলোভাবে ফেলে রাখা ছিল। রাতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় শিবু ওই গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে আছড়ে পড়েন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।