সড়কে বাজার, ভিড় ঠেলে পথচলা
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাজারের মধ্য দিয়ে চলে যাওয়া সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে হাঁপিয়ে উঠতে হয় ইকরচালী ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৪০ হাজার মানুষকে। কারণ বাজারের ভেতর দিয়ে রাস্তাটি যাওয়ায় সপ্তাহে তিন দিন এটি দখল করে হাট বসে। বাকি চার দিনও সড়কের বেশির ভাগ অংশ দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা।
এলাকাবাসী জানান, এ বাজারের ভেতর দিয়ে হাড়িয়ারকুঠি ইউনিয়নের দিকে চলে যাওয়া একমাত্র পাকা রাস্তাটি দিয়ে ইকরচালী ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। দিন-রাত চলে রিকশাভ্যান, মোটরসাইকেল, টেম্পো। বাজারের আশপাশে রয়েছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীও চলাচল করে এ রাস্তা দিয়ে। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার হাট বসে এখানে। তখন সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে।
২১ নভেম্বর সরেজমিনে দেখা যায়, অনেক দোকানি জায়গার অভাবে ইকরচালী উচ্চবিদ্যালয়ের পেছন থেকে শুরু করে ইকরচালী কবরস্থান পর্যন্ত রাস্তাটি দখল করে শাকসবজি, মাছ, হাঁস-মুরগি, দুধ ও ফলমূলের দোকান সাজিয়ে বসেছেন। এরই মধ্যে ঠেলাঠেলি করে পথ করে নিচ্ছেন নিরুপায় পথচারীরা।
ইকরচালী উচ্চবিদ্যালয়ের ছাত্রী তানজিনা খাতুন বলে, হাটের দিনে রিকশাভ্যান নিয়ে বিদ্যালয় পর্যন্ত যাওয়াও মুশকিল। হাঁটাও কষ্ট।
ইকরচালী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হোসেন বলেন, ‘হাটে নানা রকমের লোক ভিড় করে। ছেলেরা যাও-বা ঠেলেঠুলে আসে, মেয়েদের তো খুবই সমস্যা হয়।’
এদিকে সবজি বিক্রেতা আমিনুর ইসলাম জানান, হাটে জায়গা না থাকায় যুগ যুগ ধরেই রাস্তার দুই পাশেই সবজির বাজার বসে। জায়গা পেলে কেউ রাস্তায় দোকান বসাত না।
হাটের ইজারাদার জয়নাল আবেদীন বলেন, জায়গার সমস্যার কারণে ইকরচালী ডিগ্রি কলেজ মাঠে ধান ও বাঁশের বাজার বসাতে হচ্ছে।
ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু পরিকল্পনা করে এ সমস্যার সমাধান করা হবে।