সড়কে বাস মেরামত ভোগান্তি মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ডাকবাংলো থেকে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কটি ব্যবহার করতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। সড়কটির ডাকবাংলো অংশের মুখে এলোপাতাড়ি বাস রেখে মেরামতের কাজ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানজটের কারণে জনদুর্ভোগ কমাতে শহরের চাষাঢ়া ডাকবাংলো থেকে বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত বিকল্প এই সড়ক তৈরি করে সিটি করপোরেশন। প্রায় তিন মাস আগে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু ডাকবাংলো অংশে সড়কের প্রবেশমুখে প্রতিদিনই এলোপাতাড়ি বাস রেখে তা মেরামত করা হচ্ছে। ফলে এই সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারছে না।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফুটপাত না থাকায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। বিকল্প এই সড়কে নর্দমার ওপর ঢাকনা থাকায় পথচারীরা সুবিধাজনকভাবে চলাচল করতে পারে। বিশেষ করে সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা এই পথে চলাচল করেন। এ ছাড়া জামতলার হাজী ব্রাদার্স সড়ক, আবদুর রহমান সড়ক, হায়দার আলী সড়কসহ কয়েকটি এলাকার বাসিন্দা এই সড়ক ব্যবহার করছে। কিন্তু এখন এ সড়কে গাড়ি বা রিকশায় করে যেতে চাইলে মেরামতের জন্য থাকা বাসের জন্য যানজটের সৃষ্টি হয়। হেঁটে চলতে গিয়ে কালি ও ধোঁয়ায় সমস্যা হয়।সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন অভিযোগ করে, এই সড়ক দিয়ে প্রতিদিন সে তার মায়ের সঙ্গে হেঁটে বিদ্যালয়ে আসে। কিন্তু চাষাঢ়া ডাকবাংলোর সামনে এলোপাতাড়ি বাস থামিয়ে রাখায় চলাচলে সমস্যা হচ্ছে। বাসের মেরামতকাজের সময় উচ্চ স্বরে গানও বাজানো হয় বলে অভিযোগ করে সাদিয়া।সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, অন্যায়কারী, জবরদখলকারীদের বিরুদ্ধে নাগরিকদের সোচ্চার হতে হবে। সম্প্রতি সিটি করপোরেশনের এক সভায় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।