
পাঁচ দিন আগেও যে সড়কে দাপিয়ে বেড়িয়েছে বাস-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা, এখন সেই সড়কে এসব যানের পাশাপাশি চলছে নৌকা। এ অবস্থা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের সব কটি সড়কের।
পাঁচ দিন আগে কুশিয়ারার পানি উপচে পুরো উপজেলা প্লাবিত হয়। গতকাল বৃহস্পতিবার দিনভর টানা বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হয়। বাসাবাড়ি-সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পাঁচটি ইউনিয়নের লোকজন। এসব ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার পান দোকানদার রিপন মিয়া বলেন, উপজেলা সদরের মূল সড়কটি কুশিয়ারা নদীর পারেই অবস্থিত। বন্যায় নদী ও রাস্তা একাকার হয়ে যাওয়ায় অনেক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। অবশ্য এ থেকে রেহাই পাওয়ার জন্য স্থানীয় প্রশাসন লাল নিশানা দিয়ে নদীর সীমানা নির্ধারণ করেছে। দুর্ভোগ এড়াতে মানুষ যানবাহনের বদলে নৌকায় করে বাজার-সওদার পাশাপাশি অফিস-আদালতে যাচ্ছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামে পানি ঢুকেছে। এর মধ্যে উপজেলা সদর, সুলতানপুর, নারায়ণপুর, উজান গঙ্গাপুর, লামা গঙ্গাপুর, বাঘমারা, ভিটাইটিকড়, গয়াসী, মাণিককোনা, বারহাল, বাদে দেউলি, আশিঘর, ছত্তিশ, গুচ্ছগ্রাম, যুধিষ্ঠিপুর গ্রামের মানুষ সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন।
উজান গঙ্গাপুর গ্রামের মণিলাল দাস বলেন, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দৈনন্দিন কাজকর্ম কঠিন হয়ে পড়েছে। গবাদিপশুর তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। ভেসে গেছে খামারের মাছ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মো. শহিদুর রহমান বলেন, এখানে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়নি।
তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলায় বন্যার্তদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে ২৭টি পরিবারের ১১১ জন সদস্য উঠেছেন।
ইউএনও হুরে জান্নাত প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বন্যার কারণে পাহাড়-টিলা ধসের আশঙ্কা দেখা দেওয়ায়, সেখান থেকেও বসতি স্থাপনকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।