
অসতর্ক চালকদের বেপরোয়া গাড়ি চালানোর খেসারত দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। পাঁচ দিন আগে ঢাকাসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিজিবি-পুলিশ সদস্যসহ ১১ জন। আবার গতকাল বুধবার এক দিনেই আট জেলায় সড়কে বেঘোরে প্রাণ দিলেন ১৮ জন। এর মধ্যে বগুড়াতেই এক ঘটনায় ছয় নারী প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় প্রতিটি ঘটনাতেই চালকদের বেপরোয়া ভাব, অসতর্কতা, দ্রুতগতিতে গাড়ি চালনা, ট্রাফিক আইন না মানায় এসব দুর্ঘটনা ঘটেছে। সুনামগঞ্জে গতকাল যে দুর্ঘটনায় বাস খাদে পড়ে প্রাণহানি ঘটেছে, সেটির চালক মুঠোফোনে কথা বলছিলেন। ওই দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত হন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে দ্রুতগতিতে ছুটে চলা ট্রাক উল্টে মারা গেছেন চারজন। সিরাজগঞ্জ, যশোর, মৌলভীবাজার, নোয়াখালী ও নারায়ণগঞ্জে মারা গেছেন আরও পাঁচজন।
ছয় নারী নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারের অদূরে কাশিপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে গতকাল দুই বাসের সংঘর্ষে নিহত হন ছয় নারী। দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনায় আহত হন অন্তত ২০ জন। আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ছয় নারী হলেন ঢাকার মোহাম্মদপুরের সৈয়দা মোনোয়ারা বেগম (৬৫), বগুড়ার গাবতলী উপজেলার ডলি বেগম (৩৫) ও তাঁর মা জুলেখা বেগম (৬০), দিনাজপুরের লীনা খাতুন (২৪) ও শিবগঞ্জের আকতারী বেগম (৩৩)। ঢাকা থেকে কুড়িগ্রামগামী খালেক এন্টারপ্রাইজ ও দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষে তাঁরা নিহত হন। সংঘর্ষে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শী আজমল হোসেন বলেন, একটি বাস সামনের একটি ট্রাককে পাশ কাটিয়ে যেতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ট্রাক উল্টে নিহত চার
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ভোর ছয়টায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী জানান, নারায়ণগঞ্জ থেকে বগুড়া যাচ্ছিল ট্রাকটি। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর জোকারচর নামক স্থানে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়।
সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত ট্রাকের চার আরোহী হলেন পাবনার বেড়ার শম্ভুপুর গ্রামের সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটার কমলপুর গ্রামের সুজন মিয়া (৩৮), বগুড়ার শিবগঞ্জের হাসিমপুর চালুন্দা গ্রামের আফসার উদ্দিন খান (৬০) ও মোঘল গ্রামের আমিনুর রহমান (৩৫)।
ভ্যানচালক নিহত
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় গতকাল সকাল ১০টায় দুর্ঘটনায় একজন ভ্যানচালক নিহত ও চার বাসযাত্রী আহত হয়েছেন। ভ্যানচালকের নাম আলহাজ সরকার (৩৫)। তিনি উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে এর চালক ঘটনাস্থলেই নিহত হন। বাসটি সড়কের কংক্রিটের বিভাজক ভেঙে আছড়ে পড়লে বাসের চার যাত্রী আহত হন।
চালক মুঠোফোনে, বাস খাদে
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাতুয়া নামক স্থানে গতকাল বেলা দেড়টায় দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। সিলেট থেকে যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জের দিরাই যাওয়ার পথে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান চালকের সহকারী সিলেটের গোলাপগঞ্জের দাওরাইল গ্রামের শামীম আহমদ (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের হাসিমপুর গ্রামের মৌসুমী রানী পাল (২৪) ও মুক্তারপুর গ্রামের রাধা রানী বৈষ্ণব (৪৭)। আহত ব্যক্তিদের কৈতক পল্লী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহত বাসযাত্রী বিপুল রায় বলেন, গাড়ি চালানো শুরুর পর থেকেই চালক মাঝেমধ্যে মুঠোফোনে কথা বলছিলেন। যাত্রীরা তাঁকে ফোনে কথা না বলার অনুরোধ করলেও তিনি শোনেননি। মুঠোফোনে কথা বলার মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। চালক পালিয়ে গেছেন।
স্কুলছাত্রী নিহত
যশোরের চৌগাছা পৌর শহরে ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে ফাতেমা খাতুন (৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল দুপুরে চৌগাছা-বারোবাজার সড়কের ইছাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের শিমুল হোসেনের মেয়ে।
মৌলভীবাজারে নিহত ১
মৌলভীবাজার-সিলেট সড়কের মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর এলাকায় সকাল সাড়ে ১০টায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নান্টু চন্দ্র শীল (৩৯) নামে একজন মারা গেছেন। অটোরিকশাযাত্রী নান্টু সদর উপজেলার বেকামুড়া-কর্মচিতা গ্রামের বাসিন্দা। বাসের চালক আবদুস সালামকে (৩৭) আটক করেছে পুলিশ।
মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া নামক স্থানে ওছখালি-জাহাজমারা সড়কে যাত্রীবাহী টমটমের চাপায় আনছারুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনছারুল এ ইউনিয়নের দপাদার গ্রামের বাসিন্দা।
কাভার্ড ভ্যান চাপায় নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় বিকেলে আমির হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর চৌশারচর এলাকায়। আমির হোসেন রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানটি তাঁকে চাপা দেয়।
(এসব তথ্য পাঠিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিরা)