সড়কে ব্যক্তি উদ্যোগে ফ্লাডলাইটের পর গতিরোধক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের আল্লামা ইকবাল সড়কে (কলেজ সড়ক নামেই বেশি পরিচিত) সিটি করপোরেশনের অনুমতি ছাড়া পাঁচটি গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এর আগে এখানে বৈদ্যুতিক খুঁটিতে ফ্লাডলাইট ও সিসি ক্যামেরা স্থাপনা করা হয়। জানা যায়, গত শনিবার সরকারি তোলারাম কলেজের সামনে কলেজ সড়কে পাঁচটি গতিরোধক নির্মাণ করা হয়। নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী সাংসদের একমাত্র ছেলের অনুগত লোকজন নির্মাণকাজ তত্ত্বাবধান করেন।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, প্রভাবশালী একজন সাংসদের ছেলে তোলারাম কলেজের পাশের একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে আস্তানা বানিয়েছেন। দিনরাত ওই এলাকায় ক্যাডাররা আসা-যাওয়া করে। বছর খানেক আগে ওই ভবনের সামনে বিদ্যুতের খুঁটিতে ফ্লাডলাইট লাগিয়ে পুরো রাস্তা আলোকিত করা হয়েছে। একই সময়ে ওই বাড়ি থেকে সড়কের দিকে তাক করে স্থাপন করা হয়েছে একটি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা। কলেজ সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে। প্রায়ই রাতের বেলা কলেজ সড়কে ফাঁকা গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এ নিয়ে এলাকাবাসী আতঙ্কিত। এখন গতিরোধক নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় বাসিন্দাদের ধারণা, অপরাধমূলক কর্মকাণ্ডের সুবিধার্থে গতিরোধকগুলো নির্মাণ করা হয়েছে। গত বুধবার ভোরে ওই সড়কে এক দম্পতি ছিনতাইকারীর কবলে পড়েন। এ ছাড়া গতিরোধকগুলো যথাযথভাবে নির্মাণ না করায় রিকশা আরোহীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।কলেজ রোডে গতিরোধক নির্মাণ সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, রাস্তাটি সিটি করপোরেশনের। সেখানে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া গতিরোধক নির্মাণ রহস্যজনক। এলাকাবাসী ও কলেজ কর্তৃপক্ষ কখনো ওই সড়কে গতিরোধক নির্মাণের জন্য সিটি করপোরেশনে আবেদন করেনি। এ ছাড়া এই রাস্তায় কোনো ভারী যানবাহনও চলাচল করে না। তিনি বলেন, কারা কী উদ্দেশ্যে এই সড়কে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া গতিরোধক নির্মাণ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখতে পারে।