সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর সড়ক ব্যারিকেড দিয়ে গত বৃহস্পতিবার রাতে একদল ডাকাত চাঁদের গাড়ি, পিকআপ ও সিএনজিসহ অন্তত ২৪টি গাড়িতে ডাকাতি করেছে। এ সময় ডাকাতেরা মারধর করে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মুঠোফোন, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও মহেশখালী পরিবহন শ্রমিক মালিক সমিতির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার গোরকঘাটা স্টেশন থেকে চালক সলিম উল্লাহ যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি নিয়ে শাপলাপুর হয়ে বদরখালী যাওয়ার পথে রশিদ মিয়ার ফার্মের সামনে পৌঁছালে একদল ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে ওই গাড়িটি আটক করে। পরে যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা সড়কের দুই পাশে আটকে থাকা আরও ১০টি সিএনজি, ছয়টি পিকআপ ও আটটি চাঁদের গাড়িতে উঠে যাত্রীদের কাছ থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার টাকার মুঠোফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের হামলায় ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে শামসুল আলম (৩৮) নামের এক যাত্রীকে বৃহস্পতিবার রাতে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেওয়া হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ কবির হোসেন বলেন, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ওই সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।