চট্টগ্রামের বাঁশখালীতে মো. রুবেল নামের ছাত্রলীগের এক কর্মীকে আটকের প্রতিবাদে সড়কে ব্যারিকেড দেন তাঁর সমর্থকেরা। গতকাল সোমবার বিকেলে চারটায় উপজেলার প্রধান সড়কের মহাজনঘাটায় এ ঘটনা ঘটে। এতে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে ব্যারিকেড সরিয়ে দেয়। আটকের বিশ মিনিট পর পুলিশ ছাত্রলীগের ওই কর্মীকে ছেড়ে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিংড়ির পোনাবাহী একটি গাড়ি আটকানোর অভিযোগে গতকাল বিকেল চারটায় মো. রুবেলকে আটকের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তরী। পুলিশ তাঁকে আটক করে থানায় নেওয়ার পর রুবেলের অনুসারীরা মহাজনঘাটায় সড়কে ব্যারিকেড দেন। এতে প্রধান সড়কের দারোগা বাজার থেকে টিঅ্যান্ডটি অফিস এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সাড়ে চারটার দিকে পুলিশ গিয়ে ব্যারিকেড তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে বাঁশখালীর ইউএনও কাজী মো. চাহেল তস্তরী বলেন, বিনা অনুমতিতে চিংড়ির পোনাবাহী গাড়ি আটকানোয় মো. রুবেলকে আটকের নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সড়কে ব্যারিকেড দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আটক মো. রুবেলকেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
বাঁশখালী উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি কায়েস সরোয়ার বলেন, বাঁশখালীতে ছাত্রলীগের কোনো কমিটি নেই। রুবেলও পদে নেই।