সড়কে বড় বড় পাথর চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চার রাস্তার মোড়ে ছয় মাস ধরে এই পাথরগুলো পড়ে আছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চার রাস্তার মোড়ে ছয় মাস ধরে এই পাথরগুলো পড়ে আছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট-হাকিমপুর সড়কের সূরা মসজিদ এলাকার চার রাস্তার মোড়ে ছয় মাস ধরে বড় আকৃতির ১৮টি পাথর পড়ে আছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

গত সোমবার গিয়ে দেখা যায়, চার রাস্তা মোড়ের পশ্চিম-দক্ষিণ পাশে অর্ধেক সড়কজুড়ে বড় বড় ওই ১৮টি পাথর পড়ে আছে। যানবাহনগুলো এক পাশ দিয়ে যাতায়াত করায় সড়কের ওই পাশ খানাখন্দে পরিণত হয়েছে।

ওই মোড়ের সাইকেল মিস্ত্রি নিরঞ্জন সাহা বলেন, মাস ছয়েক আগে হিলি থেকে পদ্মা সেতুর পাথর বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। এ সময় পাথরগুলো পড়ে যায়। ট্রাকটি ঠিক করে নিয়ে গেলেও পাথরগুলো অপসারণ করা হয়নি। এতে ওই স্থানে প্রায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পাথরগুলো প্রচণ্ড ভারী ও বড় হওয়ায় স্থানীয় লোকজন চেষ্টা করেও সেগুলো সরাতে পারেননি।

বাসচালক শফিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগে সকালে কুয়াশার মধ্যে অল্পের জন্য ওই পাথরের সঙ্গে লেগে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি।

ব্যাটারিচালিত ভ্যানচালক মুকুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছয় মাস ধরে রাস্তার মাঝখানোত পাথরগুলা পড়ে আছে। এমপি, চেয়ারম্যান, মেম্বার, অফিসাররা সবাই দেখোছে। কেউ কোনো ব্যবস্থা নেছে না। মনে হয় রাস্তাটার কোনো বাপ-মাও নাই।’

বাসের চেইন মাস্টার হায়দার আলী প্রথম আলোকে বলেন, বগুড়া-ঘোড়াঘাট-হিলি রুটে প্রতিদিন ৩৫টি বাস দিনে দুবার যাতায়াত করে। এ ছাড়া এ সড়কে দুই শতাধিক মালবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কের ওপর পাথরগুলো পড়ে থাকায়, বিশেষ করে শীতের মধ্যে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়কের ওপর পাথরগুলো পড়ে থাকায় যাতায়াতের চরম সমস্যা হচ্ছে। পাথরগুলো পদ্মা সেতুর। ফলে সবাই সরকারি পাথর ভেবে স্থানীয়ভাবে কেউ সেগুলো অপসারণ করতে সাহস পাচ্ছেন না।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোখছানা বেগম প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে কথা বলবেন। দিনাজপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।