সড়কে ভাঙন, লক্ষাধিক মানুষের দুর্ভোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের সামনে থেকে জয়শ্রী বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দুই পাশের ব্লক ও ইট সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। সড়কটির বেশ কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। এ কারণে উপজেলার তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সামনে থেকে জয়শ্রী বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার। এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে। এখানকার জয়শ্রী, সুখাইড় রাজাপুর উত্তর ও ধরমপাশা সদর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। এ সড়কে প্রতিদিন লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা, ঠেলাগাড়িসহ দুই শতাধিক যানবাহন চলাচল করে। সড়কটির দুই পাশে রয়েছে ধারাম ও কাইঞ্জা নামক দুটি হাওর। পুরো বর্ষা মৌসুমে সড়কটির প্রায় আধা কিলোমিটার অংশ পানিতে তলিয়ে থাকে। এতে সড়ক দিয়ে পথচারী ও যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দিনের পর দিন লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হয়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কান্দাপাড়া গ্রামের সামনে থেকে সড়কের অন্তত দুই পাশের ৩০-৩৫টি স্থানে ইট ও ব্লক সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রায় আধা কিলোমিটার সড়ক হাওরের ঢেউয়ের ভাঙনে বিলীন হয়ে গেছে। কিছু স্থানে পানি উঠে গেছে। এই পানি ঠেলে মানুষ চলাচল করছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সড়কটি সংস্কারের জন্য তাঁরা মানববন্ধন ও মিছিল করেছেন। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সড়কটির বিভিন্ন স্থান ভাঙনের কবলে পড়ে দিন দিন সরু হয়ে যাচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
লেগুনাচালক মাহবুব আলম (৩৩) বলেন, ‘সড়কটার দুদিক দিয়া ভাইঙ্গা দিন দিন সরু অইয়া যাইতাছে। পেসেঞ্জার লইয়া এইডার ওপর দিয়া জীবনের ঝুঁহি (ঝুঁকি) লইয়া যাইতে অয়। অহন কতডা জায়গায় হানি (পানি) উইঠা যাওনে এক সপ্তাহ ধইর্যাড গাড়ি চলাচল বন্ধ অইয়া গেছে।’
কলেজছাত্র সোহেল রানা বলেন, তিন বছর ধরে সড়কটির অবস্থা এমন বেহাল হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার ও মেরামত নিয়ে উদাসীন। এ সড়কটি দ্রুত মেরামত করা না হলে চার-পাঁচ বছরের মধ্যে এটি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
ধরমপাশায় বেসরকারি সংস্থা জিতা বাংলাদেশের বাজার উন্নয়ন কর্মকর্তা সুমিত বণিক জানান, সড়কটির নাজুক অবস্থার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মহসীন আহমেদ জানান, সড়কটি হাওরের তীরবর্তী হওয়ায় সড়কের দুই পাশে ভাঙন দেখা দিয়েছে। ফলে মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত সড়কটির সংস্কার ও মেরামতের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
উপজেলা প্রকৌশলী মো. নূরুল আলম চৌধুরী জানান, এ সড়কটির পাকা করা, ব্লক স্থাপনসহ সড়ক উন্নয়নকাজের জন্য এলজিইডির রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরটি আইপি২) থেকে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর যাবতীয় কার্যক্রম এখন প্রক্রিয়াধীন।
এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ বলেন, ‘এ সড়কের উন্নয়নকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে এর কাজ শুরু করা হবে বলে আশা করছি।’
এ ব্যাপারে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব সড়কটির উন্নয়নকাজ শুরুর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’