সড়কে মরা গাছের সারি ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক গাছ মরে শুকিয়ে গেছে। প্রতিদিনই এ রকম মরা গাছের সংখ্যা বাড়ছে। কিন্তু দীর্ঘদিন এসব গাছ অপসারণ না করায় মাঝেমধ্যেই সড়কের ওপর ডালপালা ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা।
সওজ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর মহাসড়ক নির্মাণের পর এর দুই পাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় কয়েক হাজার শিশু, রেইনট্রি ও মেহগনির চারা রোপণ করা হয়। কিন্তু ছয়-সাত বছর ধরে গাছগুলো মরে যাচ্ছে। মরা গাছগুলো অপসারণ না করায় সেগুলোর ভেতরের অংশ পোকা খেয়ে ফেলেছে। ফলে মাঝেমধ্যেই এসব ফাঁপা গাছের ডালপালা সড়কের ওপর ভেঙে পড়ে।
মহাসড়কের পাশের মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা আবদুল হক বলেন, ‘মাঝেমধ্যেই এসব মরা গাছের ডাল ভেঙে দুর্ঘটনা ঘটছে। গত সপ্তাহেও সড়ক দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ভেঙে পড়া ডালের আঘাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের জয়নাল আবেদিন নামের এক মোটরসাইকেল আরোহী আহত হন। শুনেছি পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
ট্রাকচালক আবদুর রহমান বলেন, গত মাসে কচুবাড়ি এলাকা পার হওয়ার সময় তাঁর ট্রাকের কাচের ওপর একটি ডাল এসে পড়ে। এতে কাচটি ভেঙে যায়। অল্পের জন্য তিনি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। তিনি আরও বলেন, একটু জোরে বাতাস উঠলেই কখন যে ডাল ভেঙে গাড়ির ওপর পড়ে, এই ভয়ে সড়কটি দিয়ে এখন গাড়ি চালাতে ভয় লাগে।’
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার সলসলি এলাকা থেকে ভুল্লি পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশে মহাসড়কের দুই পাশে অসংখ্য গাছ মরে সেগুলোর ডালপালা শুকিয়ে গেছে। নিচে রাস্তায় পড়ে আছে খসে পরা মরা ডাল।
বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কৃষি কর্মকর্তা পজিদুর রহমান বলেন, ডাইব্যাক নামক একটি রোগে গাছগুলো মারা যাচ্ছে। এ রোগে ওপরের অংশ শুকিয়ে পরে ধীরে ধীরে পুরো গাছ মারা যায়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস ওরফে নম্র চৌধুরী জানান, মহাসড়কের মরা গাছগুলো এখন সাংঘাতিক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পথচারী বা যানবাহনের ওপর পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রচুর গাছ এখানে মারা গেছে। বর্তমানে পাঁচ শতাধিক মরা গাছ দাঁড়িয়ে আছে। এগুলো অপসারণ করতে শিগগিরই সওজ বিভাগকে উদ্যোগ নিতে বলা হবে।
সওজ বিভাগ ঠাকুরগাঁওয়ের উপবিভাগীয় প্রকৌশলী বিমল চন্দ্র মিস্ত্রি বলেন, ‘বিষয়টি আমার নজরে পড়েছে। তবে আমরা স্থানীয়ভাবে চাইলেই মহাসড়কের মরা গাছগুলো অপসারণ করতে পারি না। গাছগুলো অপসারণের জন্য বিভাগীয় নির্বাহী বৃক্ষপালনবিদের কাছে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। তাঁদের সাড়া পেলেই গাছগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হবে।’