সড়কে মাটি ফেলতে নদীর মধ্যে রাস্তা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পানিপ্রবাহ বন্ধ করে নদীর মধ্যে রাস্তা নির্মাণ করা হয়েছে। মহাসড়কের সংস্কারের কাজে ট্রাকে করে মাটি আনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তা নির্মাণ করেছে। এ ছাড়া ফসলি জমি থেকে সড়কের জন্য মাটি আনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই কিলোমিটারের দৌলতদিয়া-খুলনা মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজে মাটি আনার জন্য ক্যানেলঘাট এলাকায় মরা পদ্মা নদীর ওপর কয়েক দিন আগে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। প্রতিদিন ২০০-২৫০ ট্রাক মাটি আনা হচ্ছে এর ওপর দিয়ে।সড়ক ও জনপথ বিভাগের রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি বুকিং কাউন্টার থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য সওজ গত ২০ জুলাই দরপত্র আহ্বান করে। এ কাজের জন্য আট কোটি ৯৬ লাখ ৬৮ হাজার ৭৮১ টাকা বরাদ্দ করা হয়। কাজটি পায় ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে রাজবাড়ীর আমজাদ হোসেন ও আজিজুল ইসলাম রাস্তাটি নির্মাণ করেছেন বলে জানা যায়। ২৫ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের সংস্কারকাজ শুরু করে।সরেজমিনে দেখা গেছে, নদীর ওপর প্রায় ৫০০ ফুট লম্বা রাস্তা নির্মাণ করা হয়েছে। সড়কটির জন্য নদীর বিপরীতে ইদ্রিসপাড়া থেকে ফসলি জমি থেকে মাটি আনা হচ্ছে। গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরাদুল হক বলেন, ‘এভাবে রাস্তা তৈরি করে মাটি আনার কোনো বিধান আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ট্রাকচালক শহিদুল ইসলামসহ কয়েকজন জানান, প্রতিদিন ১১টি বড় ট্রাকে করে প্রায় ২০০-২৫০ বার মাটি এনে রাস্তায় ফেলছে। মাটি আনার জন্য নদীর ওপর রাস্তাটি তৈরি করা হয়েছে।ইদ্রিসপাড়া গ্রামের মাতুব্বর ও মাটি বিক্রেতা মোকছেদ মোল্যা বলেন, ‘কয়েকদিন আগে ঠিকাদারের লোকজন এসে আমাদের কাছে মাটি চায়। এখন কোনো ফসল না থাকায় তা বিক্রি করতে রাজি হই।’কাজের তদারকির দায়িত্বে থাকা সওজের রাজবাড়ী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন জানান, এখন নদীতে পানি না থাকায় কোনো সমস্যা হচ্ছে না বলে রাস্তাটি তৈরি করা হয়েছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। এরপর এটি কেটে দেওয়া হবে।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমজাদ হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নদীর ওপর বাঁধ দিয়ে চর থেকে মাটি আনছি। কাজ শেষ হলেই আমরা রাস্তাটি সরিয়ে ফেলব। জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে আনা হচ্ছে।’জেলা প্রশাসক সৈয়াদা সাহানা বারী বলেন, ‘এভাবে রাস্তা তৈরি করা যায় না। এ বিষয়ে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’