সড়কে মার্কেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় সরকারি রাস্তায় জেলা পরিষদের বিপণিবিতান (মার্কেট) নির্মাণের উদ্যোগের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন স্থানীয় দেড় শতাধিক নাগরিক। পরে তাঁরা এ ঘটনায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।

পূর্ব চৌরাস্তায় গতকাল বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্তওই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন ব্যবসায়ী মনসুর আলী, ভ্যানচালক উপেন চন্দ্র রায়, স্কুলশিক্ষক তোফাজ্জল হক, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জেলা পরিষদ রাস্তার যে অংশে বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নিয়েছে সে জায়গায় আট-নয় বছর আগে অবৈধ বাড়িঘর ছিল। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সামরিক বাহিনীর সদস্যরা সেসব স্থাপনা উচ্ছেদ করে ৭২ ফুট চওড়া সরকারি রাস্তা উদ্ধার করে দেন। তখন থেকে সে জমিতে জনগণ ও যানবাহনের অবাধ চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে। সেখানে বিপণিবিতান নির্মাণ করা হলে রিকশাভ্যান, অটোরিকশা, পাগলু, থ্রি-হুইলার প্রভৃতি রাস্তার পাশে দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। এদিকে বেলা আড়াইটায় নাগরিকেরা স্থানীয় ইউএনওর কাছে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা ওই স্মারকলিপির কপি জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরেও পাঠিয়েছেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুর রহমান বলেন, ‘পূর্ব চৌরাস্তায় বিপণিবিতান নির্মাণের সিদ্ধান্ত হওয়া আছে। তবে বিষয়টি এখন কী পর্যায়ে রয়েছে বা পরবর্তী কার্যক্রম কী হবে তা নিয়ে চেয়ারম্যান সাহেবই সিদ্ধান্ত দেবেন।’ তবে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাদেক হোসেন কোরাইশীর সঙ্গে গতকাল বিকেলে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তা বন্ধ পাওয়া যায়।