সড়কে মৃত্যুর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায়ই দুর্ঘটনা ঘটছে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে। বেপরোয়া গতিতে চলাচল, পথচারীদের অসতর্কতাসহ নানা কারণে এ সড়কে গত আট বছরে চার শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে ২০৫ জন নিহত ও ৯৬৮ জন আহত হয়।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটির দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মোড় থেকে গুরুদাসপুর হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল চার রাস্তার মোড় পর্যন্ত সড়কটি বিস্তৃত। এর দুটি লেন দিয়ে যানবাহন চলাচল করে। ২০০২ সালের ডিসেম্বরে এ সড়কের নির্মাণকাজ শেষ হয়। সড়ক নির্মাণে ৩৭৭ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। ২০০৩ সালের ১০ মে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটি উদ্বোধন করেন। এ সড়কে চলাচলের জন্য টোল দিতে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন গড়ে ২২০০ থেকে ২৫০০ যানবাহন চলাচল করে।সওজ সূত্রে জানা গেছে, হালকা যানবাহন চলাচলের জন্য এ মহাসড়কের সমান্তরালে নিচু আরেকটি টোলমুক্ত সড়ক (ফিডার রোড) নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ হওয়ায় নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে ঢাকার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি হওয়ায় উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হয়েছে। তবে নানা কারণে এই সড়ক দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে: বেপরোয়া গতিতে যানবাহন চলাচল, সড়কের জরাজীর্ণ অবস্থা, শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন ও মোটরসাইকেলের চলাচল, চালকদের অনভিজ্ঞতা এবং রাস্তা পারাপারে পথচারীদের অসর্তকতা।মহাসড়ক পুলিশের পশ্চিমাঞ্চলীয় কার্যালয় (বগুড়া) সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর থেকে এ মহাসড়কে ৪৪৪টি দুর্ঘটনা ঘটে। এতে ২০৫ জন নিহত ও ৯৬৮ জন আহত হয়। এর মধ্যে ২০০৬ সালের ৮ জানুয়ারি বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গায় সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। ওই দিন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ১৩ জন ঘটনাস্থলেই নিহত হয়।চলতি বছরের ১৮ জানুয়ারি বড়াইগ্রামের লাতুরিয়ায় আরেকটি হূদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এ দিন গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গেলে ওই গাড়িতে থাকা একই পরিবারের পাঁচজন পুড়ে মারা যায়। হাইওয়ে পুলিশের পশ্চিমাঞ্চলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন উত্তর ও আন্তজেলা মহাসড়কের মধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অন্যতম দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক বলে কর্মকর্তারা উল্লেখ করেন।মহাসড়ক পুলিশের পশ্চিমাঞ্চলীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল হক জানান, এ সড়কে ৮০ কিলোমিটার গতিসীমায় ভারী যানবাহন চলাচলের কথা। কিন্তু এর চেয়ে বেশি গতিতে গাড়ি চলাচল করে। অধিক গতিতে গাড়ি চালানো, দক্ষ চালক তৈরি না হওয়া এবং ফিডার সড়ক থেকে নছিমন ও মোটরসাইকেল মূল সড়কে উঠে আসায় দুর্ঘটনা বেশি ঘটছে।এ মহাসড়কে নিয়মিত চলাচলকারী শ্যামলী পরিবহনের চালক বিষ্ট চাকী জানান, এ মহাসড়কের গুরুদাসপুরের কাচিকাটায় অবস্থিত টোল প্লাজা থেকে পাঁচ-ছয় কিলোমিটার অংশ নষ্ট। এ কারণে এ অংশ দিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে গিয়ে সময় বেশি লাগে। এ সময় পুষিয়ে নিতে ভালো অংশে এসে চালকেরা গাড়ির গতি বাড়িয়ে দেন। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।সওজের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বাদেশ আলী জানান, মহাসড়কের নাটোর অংশে কাজ চলছে। কাজ শেষ হলে কোনো সমস্যা থাকবে না।