সড়কে মৃত্যুর মিছিলে আরও ৪ জন
মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। বেপরোয়া বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। আজ সোমবার বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। লালমনিরহাটে গতকাল রোববার রাতে অটোর ধাক্কায় একজন নিহত হয়।
এ নিয়ে ১২৬ দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১ হাজার ৯৩ জনের।
বগুড়া: সকাল পৌনে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের কেবিন দুমড়েমুচড়ে গিয়ে চালকের আসন ও কেবিনে থাকা ছয়জন ভেতরে আটকা পড়েন। থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে আহত অবস্থায় এবং তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুজন নওগাঁর পত্নীতলা উপজেলার আলপাখা গ্রামের আবদুর করিম (৫০) ও একই গ্রামের মোখলেছুর রহমান (৩৫)। নিহত আরেকজন কোনো এক ট্রাকের চালক হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
লালমনিরহাট: কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলে করে লালমনিরহাট শহরের বাসায় ফিরছিলেন মুহিবুল ইসলাম মোহন (২৬)। পথে কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় ভটভটির সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা বন্ধু নাজমুল হাসান তাঁকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি লালমনিরহাট সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।