ট্রাফিক সপ্তাহের শোভাযাত্রার কারণে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ দুটি সড়কের এক পাশে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরের ওয়াসা মোড় থেকে জিইসি পর্যন্ত এবং জিইসি থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত দুটি সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে মানুষ।
নিরাপদ সড়কের লক্ষ্যে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গতকাল থেকে চট্টগ্রাম নগরে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। সকাল ১০টায় জিইসি মোড়ের একটি কমিউনিটি সেন্টারের সামনে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন ও অভিযান) মো. মোখলেসুর রহমান। এর আগে সকাল সাড়ে ৯টায় নগরের দামপাড়া পুলিশ লাইনসের সামনে থেকে প্রায় ৩ হাজার লোকের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। এটি জিইসি মোড়ে এসে শেষ হয়। চট্টগ্রাম নগর পুলিশ এই শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রার কারণে রাস্তা বন্ধ রাখার বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, শোভাযাত্রায় হাজার হাজার লোক অংশগ্রহণ করেছেন। এসব লোক জড়ো হওয়ায় শোভাযাত্রাটি নির্বিঘ্ন করতে সাময়িক যান চলাচল বন্ধ ছিল। বড় গাড়ি না চললেও তখন ছোট গাড়ি চলেছে। ব্যস্ত সড়কে শোভাযাত্রা করার বিষয়ে তিনি বলেন, হাজার হাজার মানুষের শোভাযাত্রার কারণে বড় ধরনের কোনো যানজট যাতে না হয়, সে জন্য দুটি সড়কের এক পাশে
কিছুটা সময় যান চলাচল বন্ধ রাখা হয়।
ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান বলেন, পুলিশ, পরিবহন মালিক ও চালক একে অপরের পরিপূরক। কেউ কারও প্রতিপক্ষ নয়। নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং না করা এবং নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ওভারটেক, বেপরোয়া গতি এবং উল্টো পথে গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই কর্মসূচি ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, পুলিশের একার পক্ষে যানজট নিরসন সম্ভব নয়। পথচারী, পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
যানবাহন বাড়লেও ট্রাফিক পুলিশের সংখ্যা কম উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য
বলেন, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি করাই ট্রাফিক সপ্তাহের লক্ষ্য।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ট্রাফিক আইন, নীতিমালা বাস্তবায়নে শ্রমিক সংগঠন কোনো অবস্থাতেই বাধা হবে না। ট্রাফিক আইন বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।