কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পর বগুড়ায় সড়ক-মহাসড়কে যেন যানবাহনের ঢল নেমেছে। জেলা শহরের চারমাথা, তিনমাথা, মহাস্থানগড়সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই যানজট লেগে ছিল।
এদিকে মহাসড়কে অর্ধেক গাড়ি চলাচলের সিদ্ধান্তের সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়া যায়নি। বাসে আসনসংখ্যার অনুপাতে যাত্রী পরিবহন করা হলেও অনেক যাত্রীর মুখে ছিল না মাস্ক।
তবে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বগুড়া থেকে রাজধানী ঢাকার বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের ২৪টি পথে প্রতিদিন ৮০০টির মতো বাস চলাচল করে। সরকারি সিদ্ধান্ত মেনে বুধবার ৩৫০টি গাড়ি চলাচল করেছে।
পরিবহনমালিকদের ভাষ্য, বগুড়া থেকে নওগাঁর পথে সবচেয়ে বেশি ১০৮টি বাস চলাচল করে। বুধবার বগুড়া টার্মিনাল থেকে নওগাঁর উদ্দেশে ৪৮টি গাড়ি ছেড়ে গেছে। একইভাবে রংপুরের পথে ৪৬টি গাড়ির বদলে ২২ জন, জয়পুরহাটের পথে ৪৮টি গাড়ির বদলে ২৪, রাজশাহীর পথে ৩০টির বদলে ১৩টি চলাচল করেছে। দূরপাল্লার গাড়ির মধ্যে রাজধানীর মহাখালীর পথে ২৬টি কোচের বদলে ৯ এবং গাবতলীর পথে ১৮টি কোচের বদলে ১০টি কোচ ছেড়ে গেছে।
তবে পরিবহনমালিকদের এই দাবির সঙ্গে মেলেনি মহাসড়কের চিত্র। দুপুরের দিকে বগুড়ার চারমাথা এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়কে যানবাহনের ঢল। ট্রাফিক আইন মানছেন না চালকেরা। যে যাঁর মতো গাড়ি চালাচ্ছেন। এলাকাবাসী বলেছেন, সকাল থেকে চারমাথা এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের। বাসের আসনসংখ্যার সমান যাত্রী পরিবহন করা হলেও অনেক যাত্রীর মুখে ছিল না মাস্ক।
বেলা দুইটার দিকে চারমাথা এলাকার যানজটে আটকা ছিল বিভিন্ন পথের অর্ধশতাধিক বাস। একই স্থানে ছিল সমপরিমাণ ট্রাকের দীর্ঘ সারি। অনেক বাস আবার মহাসড়কে থামিয়ে যাত্রী তুলতেও দেখা যায়। অর্ধেক বাস চলাচলের বিষয়টি তদারক করতে বিআরআটিএ এবং প্রশাসনের কাউকে মহাসড়কে দেখা যায়নি।
দুপুরের দিকে চারমাথা এলাকায় ছিল রংপুর অভিমুখী চারটি বাস। প্রায় সবগুলো বাস যাত্রীতে ঠাসা। যাত্রীদের মুখে নেই মাস্ক। রংপুরের পীরগঞ্জের যাত্রী সুমাইয়া বেগম (৩৫) বলেন, ‘আমার কাছে মাস্ক আছে। তবে ব্যাগের ভেতরে।’ গোবিন্দগঞ্জের যাত্রী আবদুর রশিদ বলেন, ‘ভুল করে মাস্ক বাড়িতে রেখে এসেছি।’
এদিকে অর্ধেক বাস চলাচলের সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ পরিবহনশ্রমিকেরা। তাঁরা বলছেন, করোনাকালে এমনিতেই তাঁরা বিপাকে আছেন। দীর্ঘদিন বাস বন্ধ থাকায় আয়-উপার্জন বন্ধ ছিল। পরিবারের খরচ চালাতে হিমশিম অবস্থা। এখন গণপরিবহন চালু হলেও অর্ধেক বন্ধ রাখতে হবে। এর অর্থ পরিবহনশ্রমিকেরা একদিন উপার্জন করবেন, পরের দিন হাত গুটিয়ে বসে থাকতে হবে।
রংপুরের একটি বাসের চালক বেলাল হোসেন (৪২) বলেন, ‘এসিত বসে সরকার খালি পাবলিক মারার সিদ্ধান্ত চাপে দেয়। মহাসড়কত অর্ধেক গাড়ি চলাচল করবি। এই একদিন হামাকরক বসে থাকতে হবি। কিন্তু প্যাটের ক্ষুধা কী তা মানবি? একদিন কামাই না হলে চালকের সংসার ক্যামনে চলবি?’
বগুড়া বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, মহাসড়কে অর্ধেক বাস চলাচল নিশ্চিত করতে তাঁরা কাজ করবেন। বিষয়টি তদারক করার কথা বিআরটিএ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে বিকেল পাঁচটা পর্যন্ত ওই কার্যক্রমে তাঁদের ডাকা হয়নি।