সড়কে যানবাহনের স্ট্যান্ড যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার প্রধান দুটি সড়কের ওপর যানবাহন রাখার চারটি অস্থায়ী স্ট্যান্ড গড়ে উঠেছে। সড়ক দুটি পৌরসভার না হলেও স্ট্যান্ডগুলো ইজারা দিয়ে আসছে তারা। স্ট্যান্ডগুলোর কারণে সড়ক দিয়ে যাতায়াতকারী হাজার খানেক মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।

এলাকাবাসী ও নালিতাবাড়ী পৌরসভার দুজন কর্মকর্তা বলেন, ২০০৯ সাল থেকে (বাংলা ১৪১৬ সাল) প্রতিবছর পয়লা বৈশাখে পৌরসভা কর্তৃপক্ষ ওই চারটি স্ট্যান্ড ইজারা দিয়ে আসছে। শেরপুর জেলার সঙ্গে যোগাযোগ স্থাপনকারী উত্তর বাজার এলাকার সড়ক এবং নকলা হয়ে ময়মনসিংহ ও রাজধানীর সঙ্গে যোগাযোগের পৌরসভা দক্ষিণ বাজার এলাকার সড়কে স্ট্যান্ডগুলো গড়ে উঠেছে।

স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, ওই দুটি সড়কের একটিও পৌরসভার নয়।

এলজিইডির উপজেলা প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, ‘দক্ষিণ বাজারে যেখানে স্ট্যান্ড বসানো হয়েছে, সেই সড়কটি আমাদের। কিন্তু স্ট্যান্ডটি আমাদের নয়। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’ শেরপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ বলেন, সওজের সড়কে পৌরসভার স্ট্যান্ড ইজারা দেওয়ার বিষয়টি আগে শুনিনি। বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়ক দুটির দুপাশে সিএনজি অটোরিকশা ও ভটভটি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার পাশ দিয়ে অল্প জায়গায় যানবাহন চলাচল করছে। অটোরিকশা ও ভটভটি রাখার জন্য সড়কের অনেক স্থানে এক সারিতে যানবাহন চলাচল করছে। ফলে সারাক্ষণই যানজট লেগে থাকে। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা বিড়ম্বনার শিকার হচ্ছে।

পৌরসভা সূত্র জানায়, শহরের উত্তর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডটি বাংলা ১৪২২ সনের জন্য ৯০ হাজার টাকায় ইজারা নিয়েছে আল আমিন ট্রেডার্স। এ সড়কের পূর্ব পাশে ভটভটির স্ট্যান্ডটি ৯৮ হাজার টাকায় ইজারা নিয়েছেন সুলতান আলম।

স্ট্যান্ডের কর্মচারীরা বলেন, শহরের উত্তর বাজার সড়ক থেকে জেলা সদরে ১২০টি অটোরিকশা চলে।

এলাকাবাসী বলেন, স্ট্যান্ডে বা রাস্তায় সব সময় ৩০-৪০টি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়ানো থাকে। সড়কের পূর্ব পাশে দাঁড়ানো থাকে ২৫-৩০টি ভটভটি। নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটির সহসভাপতি কোহিনুর রুমা বলেন, সড়কে স্ট্যান্ড থাকায় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।

দক্ষিণ বাজার এলাকার স্ট্যান্ড দুটির কর্মচারীরা বলেন, দক্ষিণ বাজার সড়ক থেকে নকলা উপজেলায় প্রতিদিন ৭০-৮০টি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। ভটভটি চলে ৬০-৭০টি।

নকলা চৌধুরী সবুরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, সড়কে স্ট্যান্ড থাকায় প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করে। সপ্তাহে মঙ্গল ও শনিবার হাটের সময় এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে মানুষ চরম দুর্ভোগ পোহায়।

স্ট্যান্ডের ইজারাদার যোগানিয়া অটোরিকশা ও ভটভটি চালক-মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, ২০০৯ সাল থেকে সমিতির মাধ্যমে পৌরসভা থেকে ইজারা নেওয়া হচ্ছে। জনগণের দুর্ভোগের কথা ভেবে স্ট্যান্ড স্থানান্তর করার জন্য মেয়রকে বলা হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।

পৌরসভার মেয়র আনোয়ার হোসেন বলেন, আগে থেকেই সড়কের ওপর স্ট্যান্ডের জন্য পৌরসভা ইজারা দিয়ে আসছে। তবে নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড স্থানান্তরের জন্য সবার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।