সড়কে শুকাচ্ছে ফসল, তিন মাসে দুর্ঘটনায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় জায়গার অভাবে অসংখ্য কৃষক ধানসহ বিভিন্ন ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে সড়ক ব্যবহার করছেন। এ কারণে বিশেষত বোরো ও আমন মৌসুমে বড় সড়কগুলোতে যানবাহন ও লোকজনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়; ঘটে অসংখ্য দুর্ঘটনা। গত তিন মাসে উপজেলার আটটি সড়কে দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে।স্থানীয় সূত্রগুলো জানায়, রংপুরের গুরুত্বপূর্ণ আটটি সড়ক বর্তমানে ধান, ভুট্টা ও খড় শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে। সড়কগুলো হচ্ছে বদরগঞ্জ-পার্বতীপুর, বদরগঞ্জ-রংপুর, বদরগঞ্জ-মধ্যপাড়া, বদরগঞ্জ-তারাগঞ্জ, লালদীঘি-সৈয়দপুর, ট্যাক্সেরহাট-বাংলারহাট, বদরগঞ্জ-লোহানীপাড়া ও রংপুর-ফুলবাড়ী সড়ক।থানার পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, উপজেলার সড়কগুলো ধান, গম, ভুট্টাসহ অন্যান্য ফসল মাড়াই ও শুকানোর কাজে ব্যবহার করায় প্রায় সময় ঘটে দুর্ঘটনা। গত ৬ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত তিন মাসে সড়কগুলোতে দুর্ঘটনায় ১১ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছে। ৬ জুন বিকেলে রংপুর-ফুলবাড়ী সড়কের কুতুবপুর সোনারপাড়ায় ট্রাকচাপায় ঘটনাস্থলে কৃষক আশরাফ আলী (৬৫) ও নুরুজ্জামান (৩২) নিহত হন। দুটি বাইসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সাইকেল দুটি সড়কে শুকাতে দেওয়া ভুট্টার ওপর চাকা পিছলে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।এ ছাড়া গত তিন মাসে উপজেলার জামুবাড়ী গ্রামের দুধ ব্যবসায়ী মমিনুল ইসলাম (৩৬), মমিনপুর গ্রামের ছহিরন নেছা (৭০), লোহানীপাড়ার আবু কালাম (৩৮), শ্যামপুর ধর্মপুরের সিদ্দিক হোসেন (৩৫), দামোদরপুরের আনিছার রহমান (৪০), বিষ্ণপুরের শহিদুল ইসলাম (৪৫), মধুপুরের ফয়জার আলীসহ (৫৫) অজ্ঞাত আরও দুজন নিহত হন।মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক বলেন, প্রয়োজনের তাগিদে বাড়ির উঠানে নতুন ঘরবাড়ি তোলায় বাধ্য হয়ে অনেক কৃষক বিপদ জেনেও পাকা রাস্তায় বিভিন্ন ফসল মাড়াই ও শুকানোর কাজ করছেন। এতে সড়কগুলো দিয়ে লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছে। পাশাপাশি যানবাহনের চাপায় ও ধাক্কায় প্রাণ হারাচ্ছে অনেকে।মোস্তফাপুর গ্রামের ভ্যানচালক ফেরোল হোসেন বলেন, ‘সউগ সড়োকোতে ধান ও খেড় (খড়) শুকাউচে মানুষ। ভ্যান ছেঁচড়ি টানলেও আগায় না।’শিক্ষক ফরহাদ হোসেন বলেন, জমি থেকে কাটার পর গমের মৌসুমে গমগাছ রাস্তার ওপর দুই পাশে শুকানো হয়। এর ওপর দিয়ে অনবরত যানবাহন চলায় গাছ থেকে গম আলাদা হয়ে রাস্তায় পড়ে থাকে। এতে শ্রমিক কম লাগে। পাকা রাস্তায় ধান, গম, ভুট্টা ও খড় দ্রুত শুকায়। এ কারণে অনেকে সড়ক ব্যবহার করে থাকে। তবে এর ওপর দিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেল যাওয়ার সময় চাকা পিছলে দুর্ঘটনা ঘটে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ধান,গম, ভুট্টা মাড়াই এবং খড় শুকানো হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে পড়ায় অসংখ্য দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। পথচারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর এর বিরুদ্ধে আমরা অবস্থান নিলে এলাকার কৃষকেরা তা ভালোভাবে নেয়নি। তাই বাধ্য হয়েছি পিছু হটতে।’