সড়কে শৃঙ্খলা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন : শিশির
কার্টুন : শিশির

শত চেষ্টার পরও সড়কে নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা আনতে পারছে না সরকার। সড়ক খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিবহন আইন ও নীতি প্রণয়নের ক্ষেত্রে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর একচেটিয়া প্রাধান্যের কারণেই এই খাতে শৃঙ্খলা আসছে না। বর্তমানে সরকার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন একাকার হয়ে গেছে। ফলে সিদ্ধান্ত হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। আইন আছে কিন্তু এর প্রয়োগ করতে গেলেই বাধা আসে।

মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন পাঁচ বছর ধরে। সড়কে শৃঙ্খলা ফেরাতে তিনি দৌড়ঝাঁপ করে যাচ্ছেন। কখনো বাসে উঠে চালকদের শাসিয়েছেন। কখনো সড়কে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়ক ভূমিকায় দেখা গেছে তাঁকে। পরিবহন খাতে শৃঙ্খলা আনার সরাসরি দায়িত্ব সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। এই সংস্থাটির বর্তমান চেয়ারম্যানও তিন বছর ধরে দায়িত্বে আছেন। বিআরটিএর পরিচালকদের কেউ কেউ ছয় বছর ধরে একই দায়িত্বে আছেন। অর্থাৎ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন যাঁদের দায়িত্ব, তাঁরা লম্বা সময়ই পেয়েছেন। তারপরও মন্ত্রী সফলতা দাবি করতে পারছেন না।

সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে আমি সাফল্য দাবি করতেই পারি। কিন্তু সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে সাফল্য দাবি করা কঠিন।’

.
.

এখনো প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে। গতকালও দেশের তিন জায়গায় সড়ক দুর্ঘটনায় ৬ নারীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুসারে, সর্বশেষ গত পবিত্র ঈদুল আজহার সময়ও ২৪৮ জনের প্রাণ গেছে সড়কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ২১ হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছে।
শ্রমিকসংগঠনগুলোর শীর্ষ ফোরাম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আর পরিবহন মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান। পরিবহনের ভাড়া নির্ধারণ, পরিবহন ধর্মঘট, দাবি-দাওয়া আদায় থেকে শুরু করে সব কমিটি-উপকমিটির বৈঠকেই তাঁদের সরব উপস্থিতি দেখা যায়। অর্থাৎ তাঁরা জনগণের সেবা করার শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন। কিন্তু বৈঠকে অংশ নেন মালিক ও শ্রমিকদের প্রতিনিধি হিসেবে।
বাংলাদেশে সড়ক নিরাপত্তা ও সড়ক খাতে শৃঙ্খলা আনার জন্য দুটি প্রভাবশালী কমিটি আছে। সড়ক নিরাপত্তা কাউন্সিল ও সড়ক নিরাপত্তা উপদেষ্টা পরিষদ। দুটি কমিটিরই প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের অনেক প্রতিনিধি রয়েছেন এ দুটি কমিটিতে। তবে সভাপতির পর কমিটির অন্য দুজন প্রভাবশালী সদস্য হলেন নৌপরিবহনমন্ত্রী ও সমবায়বিষয়ক প্রতিমন্ত্রী।

তবে নৌপরিবহনমন্ত্রীর দাবি, একসঙ্গে মন্ত্রী ও মালিক-শ্রমিক প্রতিনিধি থাকার কারণে স্বার্থের সংঘাত হচ্ছে না। বরং পরিবহন খাতের জন্য ভালো হচ্ছে। প্রথম আলোকে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা আনার ক্ষেত্রে তাঁরা তিন মন্ত্রী সফল।

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনা কমাতে কঠোর আইনের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরেই। সরকার উদ্যোগও নিয়েছে। কিন্তু সড়ক পরিবহন ও চলাচল আইনের খসড়া তৈরি করতেই চার বছর চলে গেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শ্রমিক ও মালিকদের চাপে নাগরিক দাবি উপেক্ষিত থাকছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, পরিবহন খাতে সরকার, মালিক ও শ্রমিক সংগঠন সব একাকার হয়ে গেছে। নীতি ও আইন প্রণয়নের ক্ষেত্রে জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে। কিছু কিছু সিদ্ধান্ত জনগণের পক্ষে গেলেও তা বাস্তবায়ন করতে পারে না সরকার।

সড়ক দুর্ঘটনা কমাতে গত বছর ১ আগস্ট থেকে ২২টি মহাসড়কে ধীরগতির যান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। গত বছর একই সময় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় মহাসড়কে বাসের গতিসীমা সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এটি বাস্তবায়নেও কোনো উদ্যোগ দেখা যায়নি।

বিআরটিএর তথ্য অনুসারে, সারা দেশে নিবন্ধিত ট্রাক, কাভার্ড ভ্যান ও ডেলিভারি ভ্যান রয়েছে দেড় লাখের কিছু বেশি। এর প্রায় সবগুলোই মূল কাঠামো পরিবর্তন করে পাশে, পেছনে ও ওপরের দিকে বড় করা হয়েছে। বেশি বেশি মালামাল পরিবহনের লক্ষ্যেই এভাবে আকৃতি পরিবর্তন করা হয়েছে। ট্রাকের বডিতে লোহার অ্যাঙ্গেল দেওয়া হয়েছে বেআইনিভাবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাক ও বাসের মধ্যে দুর্ঘটনায় বেশির ভাগ মানুষ মারা যায় ওই অ্যাঙ্গেলের ধাক্কায়। প্রায় দুই বছর ধরে বিআরটিএ, মালিক ও শ্রমিকসংগঠনগুলোর সঙ্গে বৈঠক চলছে। কিন্তু আইন ও নির্মাতার নকশা অনুযায়ী যান যেমন হওয়ার কথা, সেই জায়গায় নিতে পারছে না বিআরটিএ। সর্বশেষ গত মঙ্গলবারও সড়কে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ এবং যানবাহনের আকৃতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার ব্যাপারে বৈঠক হয়েছে। সড়ক ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে নৌপরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও সমবায় প্রতিমন্ত্রী এবং চট্টগ্রামের মেয়র এতে উপস্থিত থাকলেও তাঁরা কোনো সমাধান খুঁজে বের করতে পারেননি।

এ বিষয়ে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, আগামী নভেম্বরের মধ্যে মালিকেরা ট্রাকের অ্যাঙ্গেল ও পেছনের বাম্পার খোলার আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি এবং মসিউর রহমান বৈঠক করে মালিকদের রাজি করিয়েছেন। সড়ক দুর্ঘটনা সম্পর্কে তিনি দাবি করেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি প্রায় ৪ শতাংশ কমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব সঠিক নয়। তবে নসিমন, করিমন, ভটভটিসহ কম গতির যান বন্ধের সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়ন করা যায়নি। ধীরগতির যান পুরোপুরি তুলে দিতে পারলে দুর্ঘটনা আরও কমবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পাঁচ বছরের মধ্যে দুটি সড়ক চার লেন হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় বড় প্রকল্পের গতিও ভালো। কিন্তু সড়ক নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা আনা, পরিবহনের ভাড়া নির্ধারণ ও বাস্তবায়ন, জনবান্ধব পরিবহন আইন ও নীতি গ্রহণের প্রশ্ন এলেই আটকে যেতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, পরিবহন খাতের মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে সরকার ভয় পায়। এ জন্যই সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কিংবা জনস্বার্থ নীতি বা আইন প্রণয়ন করা কঠিন। মালিক-শ্রমিকেরা চাইলে সরকারকে নাস্তানাবুদ করতে পারে। আবার সরকারের পক্ষ হয়ে বিরোধী দলের কার্যক্রমও বানচাল করে দিতে পারে।

সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইলিয়াস কাঞ্চনের সুপারিশ হলো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের কারও নেতৃত্বে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর নিয়ে একটি শক্তিশালী কমিটি করতে হবে। বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে মাঠে সোচ্চার হতে হবে। সবার সম্মিলিত প্রতিরোধ ছাড়া সড়কে জনস্বার্থ ও জননিরাপত্তা নিশ্চিত করা যাবে না।