সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা পথ দেখিয়েছে, তাদের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার দুপুর ১২টায় শাহবাগ মোড়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। ছবি: সংগৃহীত
শনিবার দুপুর ১২টায় শাহবাগ মোড়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকায় পথচারী, এমনকি প্রভাবশালীরাও ট্রাফিক আইন মানেন না। আইন প্রয়োগ করতে গেলে অনেক চাপ সহ্য করতে হয়। আর আইন না মানলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব হবে না।

আজ শনিবার দুপুর ১২টায় শাহবাগ মোড়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচিতে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

ডিএমপির কমিশনার বলেন, ‘আইন কেউ মানতে চায় না। আইন প্রয়োগ করতে গেলে অনেক চাপ সহ্য করতে হয়। অনেক সময় প্রভাবশালীদের কারণে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। পথচারীরা আইন মানে না। আইন প্রয়োগকারী সংস্থাও আইন মানে না। কেউ যেখানে আইন মানে না তাহলে সড়কে শৃঙ্খলা কীভাবে ফিরে আসবে!’

আছাদুজ্জামান মিয়া বলেন, ভৌত অবকাঠামোগত উন্নয়ন ছাড়া শুধু আইন প্রয়োগ করে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। ধারণের অতিরিক্ত যানবাহন ও জনগণের আইন না মানার প্রবণতা ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার প্রধান সমস্যা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর গোলাম রব্বানী, নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক সামছুল হক, নিরাপদ সড়ক চাইর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

ট্রাফিক সচেতনতা কর্মসূচি সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘সকল পেশার কর্মঘণ্টা আছে, আমাদের কোনো কর্মঘণ্টা নেই। ২৪ ঘণ্টার মধ্যে ১৪-১৮ ঘণ্টা পর্যন্ত সকল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ট্রাফিক পুলিশ কাজ করছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ। সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা আমাদের পথ দেখিয়েছে। আমাদের বড় সমস্যা, কেউ আইন মানতে চাই না। আইন না মানলে ট্রাফিক সমস্যা সমাধান সম্ভব হবে না।’

ট্রাফিক আইন ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না, জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশের কোনো সদস্য ট্রাফিক আইন ভঙ্গ করলে তাকে এক চুল ছাড় দেওয়া হবে না। পুলিশের প্রতিটি গাড়িতে ব্লু বুক ও বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা শহরে ১২১টি বাস স্টপেজে পুলিশের পক্ষ থেকে স্টপেজের চিহ্ন বসানো হয়েছে। রাস্তার বাম পাশ ঘেঁষে বাস দাঁড়াবে। বাস স্টপেজ ও বাস-বে তৈরির কাজ চলছে। রাস্তা পারাপারে পথচারীদেরও সচেতন হতে হবে। যত্রতত্র রাস্তা পারাপার না হয়ে নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার হতে হবে।’